রাজধানীর ধানমন্ডিতে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা লুটের ঘটনায় একটি ডাকাত চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি দেশীয় তৈরি রিভলবার এবং লুটের ৫ লাখ ৭৫ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, তানভীর আবেদীন ওরফে জুঁই, মো. মজিবুর রহমান, মো. জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকির, মো. সোলায়মান মৃধা, মোহাম্মদ কবির হোসেন, আবুল কালাম আজাদ, মো. জাকারিয়া হোসেন ওরফে লেলিন এবং সজল চৌধুরী।
ডিএমপি জানায়, গত ৩০ আগস্ট দুপুরে ধানমন্ডির ১২/এ সড়কে ডিঙ্গী রেস্টুরেন্টের সামনে খোরশেদ আলম নামের এক ব্যক্তির কাছ থেকে অস্ত্রের মুখে ৩৮ লাখ টাকা ছিনিয়ে নেয় ৮ থেকে ১০ জনের একটি দল।
টাকা নিয়ে পালানোর সময় ধানমন্ডি মডেল থানার পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় তানভীর আবেদীন ও মজিবুর রহমানকে আটক করা হয়। তাদের কাছ থেকে চার রাউন্ড গুলিসহ একটি দেশীয় তৈরি রিভলবার উদ্ধার করা হয়।
পুলিশের জিজ্ঞাসাবাদে মজিবুরের দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে জাকির হোসেন ওরফে ক্যাপ্টেন জাকিরকে গ্রেপ্তার করা হয়।
পরে গ্রেপ্তারদের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এসব অভিযানে চক্রটির আরও পাঁচ সদস্য সোলায়মান মৃধা, মোহাম্মদ কবির হোসেন, আবুল কালাম আজাদ, জাকারিয়া হোসেন ওরফে লেলিন এবং সজল চৌধুরী গ্রেপ্তার হন। তাদের মধ্যে সোলায়মান মৃধাকে শনিবার গ্রেপ্তার করা হয়।
অভিযানে জাকারিয়া হোসেনের কাছ থেকে ৩ লাখ ৪৫ হাজার ৩৫০ টাকা এবং সজল চৌধুরীর কাছ থেকে ২ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। সব মিলিয়ে লুট হওয়া ৫ লাখ ৭৫ হাজার ৩৫০ টাকা উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপি জানায়, চক্রটির পলাতক ও অজ্ঞাতনামা সদস্যদের গ্রেপ্তার এবং লুট হওয়া বাকি টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় ডাকাতি ও অস্ত্র আইনে দুটি মামলা করা হয়েছে।