গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। গুরুতর আহত ১৬ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস গেড়াখোলা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি মহাসড়কের পাশে একটি খাদে পড়ে গিয়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং অন্তত ৩০ জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসের ভেতর থেকে হতাহতদের উদ্ধার করেন। নিহতদের নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।