ময়মনসিংহের গৌরীপুরে এসএসসি পরীক্ষায় ২০২৬ সালে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ‘শ্যামগঞ্জ সমিতি-ঢাকা’র উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৌরীপুর আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ শ্যামগঞ্জ সমিতির সভাপতি ও অতিরিক্ত আইজিপি (অব.) মো. মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কো-অর্ডিনেটর (গ্রেড-১) ও সাবেক ডিআইজি আনসার উদ্দিন খান পাঠান, অতিরিক্ত ডিআইজি (অব.) সাইফুল্লাহ আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা, গৌরীপুর ও পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক, অভিভাবক ও বিশিষ্ট ব্যক্তিরা।
এ সময় প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন বলেন, “আগামীতে শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল করতে হবে। ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে।”
অনুষ্ঠানে শ্যামগঞ্জ ও আশপাশের ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন।
এর আগে শনিবার সকাল ১১টায় শ্যামগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে বাজারের উন্নয়ন নিয়ে আলোচনা করেন প্রতিমন্ত্রী। সেখানে তিনি সোয়াই নদীর অসমাপ্ত অংশের খননকাজ সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।