সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একই স্থানে বিএনপি ও জামায়াতে ইসলামীর পৃথক নৌকাবাইচ আয়োজনকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। দুই পক্ষের পাল্টাপাল্টি আয়োজন ঘিরে সংঘাতের আশঙ্কায় করতোয়া নদীর কালীগঞ্জ নৌকা ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির উদ্যোগে আগামী ৭ থেকে ৯ সেপ্টেম্বর তিন দিনব্যাপী নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চলছিল। অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ৪ ও ৫ সেপ্টেম্বর একই স্থানে নৌকাবাইচের আয়োজন করা হয়। একই ভেন্যুতে দুই পক্ষের পৃথক কর্মসূচি ঘিরেই মূলত বিরোধ ও উত্তেজনার সৃষ্টি হয়।
বিএনপির আয়োজক কমিটির আহ্বায়ক সেলিম রেজা জানান, ৭ থেকে ৯ সেপ্টেম্বর ১৭তম নৌকাবাইচ প্রতিযোগিতা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। এ আয়োজনকে ঘিরে স্থানীয়ভাবে সব ধরনের প্রস্তুতিও সম্পন্ন করা হচ্ছিল।
অন্যদিকে জামায়াতে ইসলামীর নৌকাবাইচ উদযাপন কমিটির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পেনু বলেন, ৪ ও ৫ সেপ্টেম্বর নৌকাবাইচ আয়োজনের জন্য তাদের প্রস্তুতি সম্পন্ন ছিল। একই স্থানে দুই পক্ষের কর্মসূচি থাকায় জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, নৌকাবাইচকে কেন্দ্র করে দুই পক্ষ মুখোমুখি অবস্থানে চলে গিয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম বলেন, নৌকাবাইচ আয়োজনের বিষয়ে কোনো পক্ষই উপজেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন করেনি। সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে কালীগঞ্জ নৌকা ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।