রাষ্ট্রপতির আগমনে বদলে গেল ঠাকুরগাঁও, সাজসাজ রব পুরো জেলায়

ঠাকুরগাঁও সংবাদদাতা

সারাদেশ

একসময় জেলার মানুষের কাছে তিনি ছিলেন পরিচিত ‘আলমগীর স্যার’। সেই পরিচিত মানুষটিই এবার রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো ফিরছেন নিজের জেলা

2026-09-05T18:25:54+00:00
2026-09-05T18:25:54+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
রাষ্ট্রপতির আগমনে বদলে গেল ঠাকুরগাঁও, সাজসাজ রব পুরো জেলায়
ঠাকুরগাঁও সংবাদদাতা
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৫ পিএম 
সংগৃহীত ছবি
একসময় জেলার মানুষের কাছে তিনি ছিলেন পরিচিত ‘আলমগীর স্যার’। সেই পরিচিত মানুষটিই এবার রাষ্ট্রপতি হিসেবে প্রথমবারের মতো ফিরছেন নিজের জেলা ঠাকুরগাঁওয়ে। তাকে বরণ করে নিতে এরই মধ্যে পুরো জেলায় ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ।

রবিবার (৬ সেপ্টেম্বর) থেকে শুরু হবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দুই দিনের ঠাকুরগাঁও সফর। তার আগমনকে কেন্দ্র করে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যেও দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্মাণ করা হচ্ছে তোরণ, চলছে আলোকসজ্জা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। রাষ্ট্রপতির সফরের কর্মসূচি নির্বিঘ্ন করতে প্রশাসনের কর্মকর্তারাও ব্যস্ত সময় পার করছেন।

সফরের প্রথম দিন রবিবার সকাল ১০টায় হেলিকপ্টারে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে রাষ্ট্রপতির। সকাল ১১টা ৪০ মিনিটে ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে তার অবতরণের কথা রয়েছে।

সেখান থেকে তিনি জেলা সার্কিট হাউসে যাবেন এবং গার্ড অব অনার গ্রহণ করবেন। এরপর শহরের সেনুয়া পাড়ায় পারিবারিক কবরস্থানে গিয়ে বাবা সাবেক মন্ত্রী মরহুম মির্জা রুহুল আমীন ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত করবেন।

পরে রাষ্ট্রপতি শহরের কালীবাড়িতে নিজের বাসভবনে যাবেন। সেখানে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন।

সংবর্ধনা শেষে নিজ বাসভবনে ফিরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আত্মীয়স্বজন ও সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সেখানেই তার রাতযাপনের কথা রয়েছে।

সফরের দ্বিতীয় দিন সোমবার (৭ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে সদর উপজেলার জামালপুর এলাকায় প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি।

ঠাকুরগাঁওয়ে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। এ দাবিতে বিভিন্ন সময়ে আন্দোলন ও সভা-সমাবেশ করেছেন স্থানীয়রা। এবার রাষ্ট্রপতি হিসেবে জেলার সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন—এ কর্মসূচিকে তাই বিশেষ গুরুত্ব দিয়ে দেখছেন স্থানীয়রা।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে নিজ বাসভবনে ফিরে দুপুরের খাবার ও বিশ্রাম নেবেন রাষ্ট্রপতি। পরে সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার গ্রহণের পর হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে ঠাকুরগাঁও ছাড়ার কথা রয়েছে তার।

রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে পুরো জেলায় জোরদার করা হয়েছে নিরাপত্তাব্যবস্থা। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ইতোমধ্যে মাঠে কাজ শুরু করেছেন।

রাষ্ট্রপতির যাতায়াতের পথ, কর্মসূচির স্থান ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে নিরাপত্তার আওতায় নেওয়া হয়েছে। পাশাপাশি সফরকালে সাধারণ মানুষের চলাচল ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

রাষ্ট্রপতির সংবর্ধনা কমিটির আহ্বায়ক ডা. আবু মো. খয়রুল কবির বলেন, তিনি শুধু রাষ্ট্রপতি নন, ঠাকুরগাঁওয়ের সন্তানও। দীর্ঘদিন পর রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থেকে নিজের মানুষের কাছে তার ফিরে আসা জেলার মানুষের জন্য গর্ব ও আবেগের বিষয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক জানান, রাষ্ট্রপতির দুই দিনের সফরকে কেন্দ্র করে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দফতর, সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে সব কর্মসূচি সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্নের প্রস্তুতি চলছে।

জেলা পুলিশ সুপার মো. বেলাল হোসেন জানান, রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কর্মসূচির স্থান ও যাতায়াতের পথগুলো নিরাপত্তার আওতায় আনার পাশাপাশি প্রয়োজনীয়সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।

স্থানীয়দের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঠাকুরগাঁওয়ে ফিরে আসা শুধু একজন রাষ্ট্রপতির সফর নয়; বরং পরিচিত এক মানুষের নিজের মাটিতে ফিরে আসার আবেগঘন মুহূর্ত।

গত ২০ আগস্ট জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ২৫৫ ভোট পেয়ে জয়ী হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে তিনি বিএনপির মহাসচিব, জাতীয় সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর দায়িত্ব পালন করেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: