শিক্ষার্থীদের মেধার বিকাশের পাশাপাশি নৈতিকতা, সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ মানুষ হিসেবে গড়ে ওঠার আহবান জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা।
তিনি বলেন, আজকের মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই শিক্ষাজীবন থেকেই তাদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশে মনোযোগী হতে হবে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সিবগাতুল্লাহ সিবগা বলেন, শিক্ষার্থীদের শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না, তাদেরকে সৎ, যোগ্য, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শিক্ষা মানুষের জ্ঞান বৃদ্ধি করার পাশাপাশি বিবেক ও মূল্যবোধকে জাগ্রত করে। সেই শিক্ষা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের দেশ ও মানুষের কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে।
তিনি আরও বলেন, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা সমাজের দায়িত্ব। তাদের প্রতিভা ও সম্ভাবনাকে কাজে লাগাতে পারলে ভবিষ্যতে দেশ আরও এগিয়ে যাবে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ববোধ তৈরি করতে হবে এবং মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত করার মানসিকতা গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মশিউর রহমান খান ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদসহ জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখার সভাপতি আহম্মেদ আব্দুল্লাহ বলেন, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশের পাশাপাশি তাদের মধ্যে সততা, নৈতিকতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার প্রয়োজন রয়েছে। মেধাবী শিক্ষার্থীদের যথাযথভাবে উৎসাহিত করা হলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
তিনি বলেন, জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের এই অর্জন শুধু তাদের নিজেদের নয়, তাদের পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদেরও সাফল্য। এই সাফল্যকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো করার জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করতেই এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বাগেরহাট জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা অংশ নেন। তাদের সংবর্ধনা দেওয়া হয় এবং মেধাবৃত্তি প্রদান করা হয়।
শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি তাদের ভবিষ্যৎ জীবন ও কর্মক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য অনুপ্রাণিত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য বাগেরহাট জেলা ছাত্র শিবিরের পক্ষ থেকে জানানো হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করে তাদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করা হয়।