গত ছয় মাসে বিএনপি সরকারের বলার মতো উল্লেখযোগ্য কোনো সাফল্য নেই বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেন, ৫০ হাজার ফ্যামিলি কার্ড ও ১৫০ টাকার লাঞ্চের গল্প ছাড়া সরকারের অর্জন হিসেবে দেখানোর মতো তেমন কিছু নেই।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচির উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। ছয় দফা দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়।
মজিবুর রহমান মঞ্জু বলেন, ৩১ দফার স্বপ্ন দেখানো এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের অঙ্গীকার করা হয়েছিল। কিন্তু সরকারের কার্যক্রম দেখে এরই মধ্যে মানুষ হতাশ হতে শুরু করেছে।
তিনি বলেন, যারা গণভোটের রায় মানে না, বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়াবে না বলে প্রতিশ্রুতি দিয়ে পরে দাম বাড়ায় এবং দলীয়করণ করবে না বলেও ব্যাপকভাবে দলীয়করণ করে—তাদের ওপর জনগণ কীভাবে আস্থা রাখবে?
এবি পার্টির চেয়ারম্যান আরও বলেন, বিএনপিকে ভোট দিয়ে মানুষ এখন আফসোস করছে। অসহনীয় লোডশেডিং ও ভৌতিক বিদ্যুৎ বিল নিয়ে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে।
তিনি বলেন, পুরোনো ধাঁচের জনরায়কে উপেক্ষা করার রাজনীতি যেমন পরিহার করতে হবে, তেমনি রাজনৈতিক গালিগালাজের সংস্কৃতিও বন্ধ করা দরকার।
সমাবেশে ১১ দলীয় ঐক্যের নেতারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং ছয় দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
এ সময় জাতীয় সংসদের প্রধান বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বিরোধীদলীয় হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির সভাপতি কর্নেল অলি আহমদ বীরবিক্রম এবং খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকসহ ১১ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন।