দেশের যেকোনো সংকটের সময় জনগণ বিএনপির ওপর আস্থা রেখেছে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অতীতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন সংকট মোকাবিলা করেছে বিএনপি।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, দেশের বর্তমান বড় সমস্যাগুলোর মধ্যে জ্বালানি সংকট অন্যতম। সরকার এই সংকটের বিষয়টি অস্বীকার করছে না। তবে বৈশ্বিক পরিস্থিতির প্রভাবেই এ সংকট তৈরি হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে জন্য দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। একই সঙ্গে চলমান জ্বালানি ও বিদ্যুৎ সংকটও দ্রুত সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিএনপির চেয়ারম্যান বলেন, অতীতে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল এবং অর্থনৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছিল। এসব পরিস্থিতির পরও জনগণ বিএনপির প্রতি আস্থা রেখেছে।
তিনি আরও বলেন, ক্ষমতায় এসে একটি ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে যুদ্ধের কারণে জ্বালানি ও বিদ্যুৎ সংকট আরও প্রকট হয়েছে। তবে পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে।
এর আগে বিকেল পৌনে ৪টার দিকে অনুষ্ঠানে যোগ দিতে কৃষিবিদ ইনস্টিটিউশনে পৌঁছান তারেক রহমান। এ সময় সড়কে অবস্থান নেওয়া বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানে তাকে স্বাগত জানান।
অনুষ্ঠানের শুরুতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে আয়োজিত সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ও এলজিআরডি মন্ত্রী ড. আব্দুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩০ আগস্ট বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা করা হয়।