জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশের মানুষের মধ্যে সরকারের প্রতি অসন্তোষ তৈরি হয়েছে। সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যার কথা জানাচ্ছেন এবং লংমার্চে ব্যাপক সাড়া দিচ্ছেন বলেও দাবি করেন তিনি।
শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় জোটের লংমার্চে কুমিল্লার পদুয়ার বাজারে আয়োজিত এক পথসভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, ‘আমরা রাস্তায় অভূতপূর্ব সাড়া পেয়েছি। মানুষ আমাদের গাড়ি থামাচ্ছেন, হ্যান্ডশেক করছেন এবং নিজেদের সমস্যার কথা জানাচ্ছেন। মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ, গ্যাস ও তেল নেই। অনেকে কাজ পাচ্ছেন না।’
নাহিদ ইসলাম আরও বলেন, বর্তমান সরকারের ওপর মানুষ বিরক্ত। গত ছয় মাসে সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। সরকারের দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির আহ্বায়ক।
লংমার্চের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, ছয় দফা দাবিতে ১১ দলীয় জোটের এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এর ধারাবাহিকতায় খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেওয়া হতে পারে।
নাহিদ ইসলাম বলেন, ‘হয়তো খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো। আপনারা সেখানে যাবেন। যেভাবে ২০২৪ সালের ৫ আগস্ট আমরা ঢাকায় এসেছি, ঠিক একইভাবে ঢাকায় আসার আমন্ত্রণ জানাচ্ছি।’
তার এ বক্তব্যের মধ্য দিয়ে রাজধানীকেন্দ্রিক নতুন কর্মসূচির ইঙ্গিত দিলেন এনসিপির আহ্বায়ক।