দেশের বর্তমান পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হলেও দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা ধরে রাখতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ভিত্তির ওপর দাঁড় করানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানুষের মানবিক মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করতে হবে। এ লক্ষ্যে তাদের রাজনৈতিক আন্দোলন অব্যাহত রয়েছে।
তিনি বলেন, অতীতে বিভিন্ন সময়ে সংখ্যায় বা জাতিগতভাবে সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর নির্যাতন ও নিপীড়নের ঘটনা ঘটেছে। অনেক ক্ষেত্রে রাষ্ট্র বা সরকার যথাযথ ব্যবস্থা নেয়নি। এর ফলে বিচারহীনতার একটি সংস্কৃতি তৈরি হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থানের পর বিচারব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে কার্যকর পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে সব সম্প্রদায়ের মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করা হলে দেশের বিচারব্যবস্থা আরও শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়াবে বলে তারা মনে করেন। এর মাধ্যমে দেশের সব সম্প্রদায়ের মানুষের ন্যায়বিচার পাওয়ার সুযোগ তৈরি হবে।
নাহিদ ইসলাম বলেন, সরকার, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিচারহীনতার সংস্কৃতির পরিবর্তনের পাশাপাশি রাজনৈতিক ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা প্রয়োজন।
সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সম্পর্কের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে দীর্ঘদিনের সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। বিভিন্ন ধর্মের উৎসব ও ঐতিহ্য এ দেশের বহুত্ববাদী সংস্কৃতির অংশ।
তিনি বলেন, এই সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধন ধরে রাখতে হবে। একই সঙ্গে দেশের সব ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।
মতবিনিময় সভায় এনসিপির যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
সভা শেষে নাহিদ ইসলাম বাংলাদেশের মানুষ ও এনসিপির জন্য সনাতন ধর্মাবলম্বীদের আশীর্বাদ কামনা করেন।