দেশের চলমান জ্বালানি, বিদ্যুৎ, গ্যাস, পানি সংকট ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে সংশ্লিষ্ট মন্ত্রীদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে জ্বালানি, বিদ্যুৎ, পানি সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
গাজী আতাউর রহমান বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংকটগুলো সমাধানে সরকারের মধ্যে এক ধরনের গা-ছাড়া মনোভাব দেখা যাচ্ছে। বিভিন্ন সমস্যার জন্য কখনো ইউক্রেন-ইরান যুদ্ধ, আবার কখনো আগের সরকারের ওপর দায় চাপিয়ে দায়িত্ব এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে।
তিনি বলেন, নির্বাচনের পর ছয় মাস পার হলেও জনগণ কোনো সংকট থেকে স্বস্তি পায়নি। বরং একের পর এক নতুন সমস্যার মুখোমুখি হচ্ছে। জ্বালানি সংকটের কারণে শিল্পোৎপাদন ব্যাহত হচ্ছে এবং হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়ছেন। বিদ্যুৎ সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। একই সঙ্গে গ্যাস সংকটে বাসাবাড়ির রান্না থেকে শুরু করে শিল্পকারখানার উৎপাদনেও ব্যাঘাত ঘটছে।
ইসলামী আন্দোলনের মহাসচিব আরও বলেন, বেকারত্ব ও অর্থনৈতিক চাপের কারণে চুরি, ছিনতাই, রাহাজানিসহ বিভিন্ন অপরাধ বাড়ছে, যা নগরজীবনে উদ্বেগ তৈরি করেছে।
তিনি বলেন, সংকট মোকাবিলায় সরকারের পক্ষ থেকে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কার্যকর কোনো পরিকল্পনা জনগণের সামনে দৃশ্যমান হয়নি। এতে সাধারণ মানুষের মধ্যে হতাশা বাড়ছে।
মন্ত্রীদের উদ্দেশে গাজী আতাউর রহমান বলেন, ‘শুধু গণমাধ্যমের সামনে এসে দুঃখ প্রকাশ করলে হবে না। দেশকে সংকটে ফেলে শুধু দুঃখ প্রকাশ করে দায়িত্ব শেষ করা যায় না। সংকটের সমাধান করতে না পারলে সংশ্লিষ্ট মন্ত্রীদের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত।’
ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি কে এম শরীয়াতুল্লাহর সঞ্চালনায় সমাবেশে ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মহানগরের সহসভাপতি জি এম রুহুল আমীন, আলহাজ আনোয়ার হোসেন, আলহাজ এম এইচ মোস্তফা, জয়েন্ট সেক্রেটারি ফজলুল হক মৃধা এবং ইসলামী যুব আন্দোলনের সহকারী সেক্রেটারি জেনারেল ইলিয়াস হাসানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।