গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানে রাজপথে আন্দোলনের হুমকি না দিয়ে জাতীয় সংসদে এসে পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
রিজভী বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের সময়ে রাজনৈতিক দলগুলোর আন্দোলন, বিক্ষোভ ও লং মার্চ করার অধিকার রয়েছে। তবে গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে রাজপথে হুমকি না দিয়ে জাতীয় সংসদে এসে সমস্যা সমাধানে কার্যকর পরামর্শ দেওয়ার সুযোগ রয়েছে।
গ্যাস ও বিদ্যুৎ সংকটের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি এবং বিগত সরকারের ভুল পরিকল্পনার কারণে দেশে এই সংকট তৈরি হয়েছে। আমেরিকা-ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালি বন্ধ থাকার প্রভাবেও বর্তমানে গ্যাস ও বিদ্যুৎ সরবরাহে সংকট দেখা দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে সড়ক ও রেলপথ মন্ত্রী হাবিবুর রশিদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
দেশের উন্নয়নে সংস্কৃতির ভূমিকার ওপর গুরুত্ব দিয়ে রিজভী বলেন, শুধু অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে দেশকে সীমাবদ্ধ রাখলে চলবে না। জুলাইয়ের চেতনা ধারণ করে সংস্কৃতির মাধ্যমে দেশকে সামনে এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, দেশের সামগ্রিক অগ্রযাত্রায় সংস্কৃতিকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে হবে। জুলাইয়ের চেতনা ধারণ করে সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিস্তার ঘটানো জরুরি।