আসিফের আমলের ‘গোপন হিসাব’ খুঁজছে দুদক, তলব নিয়োগ-বদলির নথি!

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনের সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলিসংক্রান্ত যাবতীয়

2026-09-03T16:58:18+00:00
2026-09-03T16:58:18+00:00
  শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬,
২০ ভাদ্র ১৪৩৩
 
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
আসিফের আমলের ‘গোপন হিসাব’ খুঁজছে দুদক, তলব নিয়োগ-বদলির নথি!
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনের সময়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলিসংক্রান্ত যাবতীয় নথি চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

একই সঙ্গে ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব দেওয়া ও বাতিল এবং তাঁদের পদায়নসংক্রান্ত নথিও চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুদকের উপপরিচালক ও অনুসন্ধান দলের দলনেতা মো. জাহিদ কালামের সই করা চিঠি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়। চিঠিতে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে প্রয়োজনীয় তথ্য ও রেকর্ডপত্র দুদকে পাঠাতে বলা হয়েছে।

দুদকের একটি সূত্র জানিয়েছে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্মসচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদের বিরুদ্ধে ওঠা দুর্নীতি ও অনিয়মের অভিযোগ অনুসন্ধানে চার সদস্যের একটি দল কাজ করছে।

অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে মন্ত্রণালয়ের কাছে পাঁচ ধরনের তথ্য ও নথি চেয়েছে দুদক। এর মধ্যে রয়েছে আসিফ মাহমুদের দায়িত্বকালীন সময়ে মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলির পূর্ণাঙ্গ তথ্য এবং সংশ্লিষ্ট নথিপত্র।

এ ছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৫ সালের ৭ মে ও ২০২৬ সালের ১৮ এপ্রিলের স্মারকের আলোকে বদলিসংক্রান্ত নথির সত্যায়িত অনুলিপিও চাওয়া হয়েছে।

দুদকের চিঠিতে আরও বলা হয়েছে, তিনটি পৃথক স্মারকের ভিত্তিতে ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব প্রদান, বাতিল ও পদায়নের সঙ্গে সংশ্লিষ্ট নথির সত্যায়িত কপি দিতে হবে। পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাঠপর্যায়ে কর্মরত কয়েকজন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার ব্যক্তিগত নথিও চেয়েছে অনুসন্ধান দল।

চাওয়া নথির সঙ্গে সংশ্লিষ্ট বিধিবিধান এবং অন্যান্য সহায়ক রেকর্ডপত্রও পাঠাতে বলা হয়েছে।

এর আগে বুধবার আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের কথা জানায় দুদক। অভিযোগের মধ্যে রয়েছে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাদের পদোন্নতি ও বদলির ক্ষেত্রে ঘুষ গ্রহণ এবং সিন্ডিকেটের মাধ্যমে দরপত্র ও কেনাকাটায় অনিয়ম।

দুদকের ভাষ্য অনুযায়ী, ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব বাতিল ও পদায়নের জন্য ৭৬ লাখ টাকা, ১৫০ জন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার পদোন্নতির জন্য ১ কোটি ৫ লাখ টাকা এবং পদোন্নতির পর পছন্দমতো পদায়নের জন্য আরও প্রায় ২ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে।

অভিযোগগুলো অনুসন্ধানে দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে চার সদস্যের বিশেষ দল কাজ করছে।

তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আপত্তি জানিয়েছেন আসিফ মাহমুদ। দুদকের পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার যে বক্তব্য দেওয়া হয়েছে, তা প্রত্যাহারের দাবি করেছেন তিনি।

বুধবার রাতে এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ ২৪ ঘণ্টার মধ্যে দুদকের ওই বক্তব্য প্রত্যাহার না করা হলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন।

দুদকের অনুসন্ধান চলমান থাকায় অভিযোগগুলোর চূড়ান্ত সত্যতা এখনো প্রমাণিত হয়নি।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: