ফুটবলপ্রেমীদের দীর্ঘদিনের এক স্বপ্ন এবার বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্বের দুই মহাতারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে একই দলের হয়ে মাঠে খেলানোর পরিকল্পনা করেছেন আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার কার্লোস তেভেজ।
আর্জেন্টিনার স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ওলগা’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তেভেজ নিজেই এ পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, মেসি ও রোনালদোকে একসঙ্গে মাঠে নামানোর উদ্যোগ তিনি নিয়েছেন এবং দুজনের সঙ্গেই তার যোগাযোগ রয়েছে।
তেভেজের সঙ্গে মেসি ও রোনালদো—দুজনেরই পুরোনো সম্পর্ক রয়েছে। ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর সঙ্গে এবং আর্জেন্টিনা জাতীয় দলে মেসির সঙ্গে খেলেছেন তিনি। সেই সম্পর্ক কাজে লাগিয়েই নিজের বিদায়ী ম্যাচে দুই তারকাকে এক দলের জার্সিতে মাঠে নামাতে চান সাবেক এই ফরোয়ার্ড।
পরিকল্পনা অনুযায়ী ম্যাচটি আর্জেন্টিনার বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী লা বোম্বোনেরা স্টেডিয়ামে আয়োজনের কথা রয়েছে। বোকা জুনিয়র্সের সভাপতি হুয়ান রোমান রিকুয়েলমেও এ উদ্যোগে সম্মতি দিয়েছেন বলে জানা গেছে।
ডিসেম্বরের ১২-১৩ অথবা ১৯ তারিখের যেকোনো এক সময়ে ম্যাচটি আয়োজনের লক্ষ্য রয়েছে। তবে এখনো মেসি ও রোনালদোর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সম্মতি পাওয়া যায়নি।
তেভেজের পরিকল্পনা অবশ্য শুধু মেসি-রোনালদোকে ঘিরে নয়। নিজের দীর্ঘ ক্যারিয়ারে সতীর্থ হওয়া প্রায় ৬০ জন সাবেক বিশ্বসেরা ফুটবলারকে ম্যাচটিতে যুক্ত করতে চান তিনি।
সম্ভাব্য তালিকায় গোলরক্ষক হিসেবে রয়েছেন এডউইন ভ্যান ডার সার ও জিয়ানলুইজি বুফন। রক্ষণভাগে থাকতে পারেন রিও ফার্ডিনান্ড, নেমানিয়া ভিদিচ, জর্জিও কিয়েলিনি ও লিওনার্দো বোনুচ্চির মতো তারকারা। মাঝমাঠে পল স্কোলস, আন্দ্রেয়া পিরলো ও রিকুয়েলমেকে রাখার পরিকল্পনা রয়েছে।
আক্রমণভাগে মেসি ও রোনালদোর সঙ্গে থাকতে পারেন ওয়েন রুনিও।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ফুটবল ইতিহাসের অন্যতম আকর্ষণীয় দৃশ্যের সাক্ষী হতে পারেন দর্শকরা—একই দলের জার্সিতে মেসি ও রোনালদো, এমনকি একে অপরের জন্য গোলের সুযোগও তৈরি করতে পারেন তারা।