এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্বে টানা দুই ম্যাচে হারের পর বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ জেরার্ড জোন্সকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জোন্সের সঙ্গে চুক্তি বাতিলের বিষয়টি জানায় বাফুফে। একই সঙ্গে ভারতের বিপক্ষে পরবর্তী ম্যাচে দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে সহকারী কোচ আতিকুর রহমান মিশুকে দায়িত্ব দেওয়া হয়েছে।
বাফুফের বিজ্ঞপ্তিতে বলা হয়, জেরার্ড জোন্সকে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ কোয়ালিফায়ার্সের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার সঙ্গে সম্পাদিত চুক্তিও বাতিল করা হয়েছে।
উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত বাছাইপর্বের প্রথম ম্যাচে স্বাগতিক উজবেকিস্তানের কাছে ২-০ গোলে হারে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে সিরিয়ার কাছে ৩-০ গোলে পরাজিত হয় দলটি। দুই ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট শূন্য।
এর আগে জেরার্ড জোন্সকে ঘিরে মাঠের বাইরেও বিভিন্ন ঘটনা আলোচনায় আসে। বেতন-সংক্রান্ত বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বক্তব্য দিয়েছিলেন তিনি। এছাড়া ঢাকার একটি হোটেলে সহকারী কোচ আতিকুর রহমানের সঙ্গে তার বিরোধের ঘটনাও সামনে আসে।
উজবেকিস্তানে যাওয়ার আগে জোন্সকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে—এমন আলোচনা থাকলেও তখন বাফুফের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করা হয়নি।
জোন্সের অব্যাহতির পর আগামী ৬ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ দলের দায়িত্ব পালন করবেন আতিকুর রহমান মিশু। প্রথম দুই ম্যাচে তিনি দলের ডাগআউটে ছিলেন না।
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে ওঠার দৌড়ে বাংলাদেশের অবস্থান এখন কঠিন। ভারতের বিপক্ষে ম্যাচটিই হবে বাছাইপর্বে বাংলাদেশের শেষ ম্যাচ।
আতিকুর রহমান বলেন, বাফুফে তাকে শেষ ম্যাচের দায়িত্ব নিতে বলেছে। চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ কার্যত না থাকলেও ভারতের বিপক্ষে জয় নিয়ে দেশে ফিরতে চান তারা।