আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায়ের রেশ কাটতে না কাটতেই অবসরের ঘোষণা দিয়েছেন আরেক বিশ্বকাপজয়ী ফুটবলার। স্পেনের ডিফেন্ডার মার্কোস লরিয়েন্তে জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন।
নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আবেগঘন বার্তায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান এই স্প্যানিশ তারকা।
লরিয়েন্তে লিখেছেন, অনেক ভেবেচিন্তেই জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বয়স এখনো কম হওয়ায় চাইলে আরও কয়েক বছর স্পেনের জার্সিতে খেলার সুযোগ ছিল বলেও স্বীকার করেছেন। তবে শেষ পর্যন্ত এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।
২০২৬ বিশ্বকাপে স্পেনের হয়ে তিন ম্যাচ খেলেছেন লরিয়েন্তে। তবে আর্জেন্টিনার বিপক্ষে ১৯ জুলাইয়ের ফাইনালে তাকে বেঞ্চেই থাকতে হয়। শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে ১৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জেতে স্পেন। এটি দেশটির দ্বিতীয় বিশ্বকাপ। ফাইনালে মাঠে না নামলেও বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন লরিয়েন্তে।
তবে বিশ্বকাপ জয় কিংবা টুর্নামেন্টে খেলার বিষয়টি তার অবসরের সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলেনি। লরিয়েন্তে জানান, বিশ্বকাপে যাওয়ার আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
ইনস্টাগ্রাম বার্তায় তিনি বলেন, বাইরে থেকে বিষয়টি অনেকের কাছে অস্বাভাবিক মনে হতে পারে। কিন্তু এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। বিশ্বকাপে তিনি খেলবেন কি না কিংবা স্পেন বিশ্বকাপ জিতবে কি না—এসব বিবেচনা করেই সিদ্ধান্তটি নেওয়া হয়নি।
বিদায়বেলায় সতীর্থ, কোচিং স্টাফ ও সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন লরিয়েন্তে। বিশেষ করে বিশ্বকাপের শেষ ৫২ দিনের অভিজ্ঞতাকে নিজের ফুটবল জীবনের অন্যতম স্মরণীয় অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন তিনি।
২০২০ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্পেনের জাতীয় দলের জার্সিতে ২৭টি ম্যাচ খেলেছেন মার্কোস লরিয়েন্তে। গোলের দেখা না পেলেও সতীর্থদের দিয়ে চারটি গোল করিয়েছেন তিনি। ২০২৬ বিশ্বকাপই স্পেনের হয়ে তার একমাত্র বড় শিরোপা হয়ে থাকল।
বিশ্বকাপজয়ী দলের সদস্য হিসেবেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন এই স্প্যানিশ ডিফেন্ডার।