সাভারের আশুলিয়ায় একটি বন্ধ কক্ষ থেকে নবজাতকসহ তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে মধ্য জামগড়া এলাকার একটি বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, হযরত আলীর মালিকানাধীন ওই বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে স্বামী-স্ত্রীর পরিচয়ে বসবাস করছিলেন কয়েকজন। কক্ষটির দরজা-জানালা সাধারণত বন্ধ থাকত। শুক্রবার রাতে ঘরটি থেকে তীব্র দুর্গন্ধ বের হলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা খুলে তিনজনের অর্ধগলিত মরদেহ দেখতে পায়। পরে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজন নবজাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ফরেনসিক টিম। মরদেহগুলোর পরিচয় এবং মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আশুলিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) রাসেল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। এটি হত্যাকাণ্ড কি না কিংবা মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, কক্ষ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার খবর পেয়ে পুলিশ সেখানে যায়। পরে দরজা খুলে তিনজনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
তিনি জানান, নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাদের পরিচয় ও ঠিকানা শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্ত ও তদন্তের পর জানা যাবে।