প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আলোচনা চললেও এখনো সফরের তারিখ চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি জানিয়েছেন, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই।
শনিবার সকালে সিলেটের একটি হোটেলে টেলিভিশন সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা চলছে। তবে সফরের দিনক্ষণ এখনো নির্ধারণ করা হয়নি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে এ সফর হওয়ার সম্ভাবনা নেই।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবেন। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
মক্কা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়েও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, জাতীয় স্বার্থ বিবেচনায় মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া অস্বাভাবিক কোনো বিষয় নয়। দেশের স্বার্থে যেখানে প্রয়োজন, বাংলাদেশ সেখানে যুক্ত হবে।
এ ছাড়া যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ কেনার প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, চাহিদা রয়েছে বলেই আমেরিকা থেকে বোয়িং কেনা হচ্ছে। প্রয়োজন হলে ভবিষ্যতে আরও বোয়িং উড়োজাহাজ কেনা হতে পারে।