বিদ্যুৎ বিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে ভিডিও দেওয়ার পর গ্রেপ্তার হওয়া সিফাত আব্দুল্লাহকে (২৫) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের গাছা থানা এলাকা থেকে সিফাতকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। পরে রাত ৯টার দিকে তাকে থানায় নেওয়া হয়।
সিফাত আব্দুল্লাহ গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের টিনের মসজিদ এলাকার বাসিন্দা সিকান্দর আলীর ছেলে। তিনি রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি, সিফাত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে আপত্তিকর বক্তব্য ও লেখালেখি করে আসছিলেন। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার তিনি ফেসবুকে ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন বলে জানায় পুলিশ।
ওই ভিডিওতে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে অশালীন ভাষা ব্যবহারের পাশাপাশি বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাকে। ভিডিওতে সিফাত দাবি করেন, চলতি মাসে তার বাসায় ৪ হাজার টাকা এবং আগের মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। তার অভিযোগ, বিলের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পুলিশ তাকে আটক করে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। প্রয়োজন হলে পরবর্তী সময়ে তার রিমান্ড চাওয়া হতে পারে বলেও জানান তিনি।