উৎসবমুখর পরিবেশ ও নানা আয়োজনের মধ্য দিয়ে ফেনীতে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। দিবসটি উপলক্ষে শুক্রবার দিনব্যাপী আলোচনা সভা, সমাবেশ, ভক্তিমূলক অনুষ্ঠান ও বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
বিকেল সাড়ে ৪টায় শহরের ট্রাংক রোডে ঐতিহাসিক জয়কালী মন্দির প্রাঙ্গণে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি।
জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট সমীর করের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক আল আমিন সরকার, জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, সাধারণ সম্পাদক লিটন সাহা এবং জয়কালী মন্দিরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার তপন দাস।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বলেন, সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। তিনি বলেন, সংবিধানে ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই নীতির কথা বলা হয়েছে। কোনো ধরনের বৈষম্যে বিশ্বাস না করার কথা উল্লেখ করে তিনি বলেন, মসজিদ ও মন্দিরে সমানভাবে উন্নয়নমূলক তহবিল দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শান্তি চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত নাগের যৌথ সঞ্চালনায় সভায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক ভক্ত অংশ নেন।
আলোচনা সভা শেষে জয়কালী মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি ফেনী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এর আগে শুক্রবার সকালে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে পৃথক একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এছাড়া জন্মাষ্টমী উদযাপন পরিষদের ব্যবস্থাপনায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
এসব কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে জন্মাষ্টমী উদযাপনে সংহতি প্রকাশ করেন।