চট্টগ্রামের সাতকানিয়া কলেজকে আগামী বছরের মধ্যে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় সাতকানিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।
তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে সুন্দর, সমৃদ্ধ ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। শাহজাহান চৌধুরীর উদ্যোগে আয়োজিত সভায় সাতকানিয়া পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সভা শেষে বিভিন্ন সংগঠনের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করা হয়।
সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং আরিফুল হক কাইছারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
সভায় শাহজাহান চৌধুরী বলেন, তরুণদের সমস্যার গভীরতা না বুঝলে এসব সমস্যার কার্যকর সমাধান করা সম্ভব নয়। সামাজিক সংগঠনগুলোর প্রতিনিধিদের নিয়ে একটি সমন্বিত প্ল্যাটফর্ম গড়ে তোলার কথা জানিয়ে তিনি বলেন, প্রতি তিন মাস পরপর এ প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত বৈঠক করা হবে।
তিনি এ প্ল্যাটফর্মকে ‘পার্লামেন্ট’ হিসেবে উল্লেখ করে এসব বৈঠকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্পিকারের ভূমিকা পালনের অনুরোধ জানান।
সাতকানিয়ার উন্নয়ন প্রসঙ্গে সংসদ সদস্য বলেন, কিছুদিন ধৈর্য ধরলে এলাকার দৃশ্যমান উন্নয়ন দেখতে পাবেন সাধারণ মানুষ। একই সঙ্গে আগামী বছরের মধ্যে সাতকানিয়া কলেজকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব দাশ পুরকায়স্থ বলেন, তরুণ প্রজন্ম নিজেদের নিয়ন্ত্রণ করতে পারলে তারা একটি ইতিবাচক ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে। তিনি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রমের প্রশংসা করে জানান, প্রশাসনের পক্ষ থেকে উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে নিয়মতান্ত্রিকভাবে সহযোগিতা করা হবে।
সভায় বক্তারা বলেন, করোনা মহামারির সময় যখন অনেকেই মানুষের কাছ থেকে দূরে সরে গিয়েছিল, তখন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়েছিল। বর্তমানে মাদক, জুলুম ও ইভটিজিংমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. অমিত কুমার দে, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, আমান উল্লাহ আমানসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে সাতকানিয়াকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিতভাবে কাজ করার বিষয়ে অঙ্গীকার ব্যক্ত করা হয়।