নেত্রকোণার মোহনগঞ্জ পৌর শহরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির মোহনগঞ্জ উপজেলা শাখার সভাপতি সেলিম কার্ণায়েন।
ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে আবির্ভূত হন। অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে ন্যায় ও সত্য প্রতিষ্ঠা এবং শিষ্টের পালন ও দুষ্টের দমন ছিল শ্রীকৃষ্ণের অন্যতম আদর্শ—এমন বিশ্বাস থেকেই সনাতন ধর্মাবলম্বীরা দিনটি ধর্মীয় মর্যাদায় পালন করে থাকেন।
জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের মোহনগঞ্জ উপজেলা সভাপতি মিহির গোস্বামী, সাধারণ সম্পাদক মধু গোস্বামী, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি অমল সরকার, সাধারণ সম্পাদক বিমল পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি নিবারণ সাহা, সহসভাপতি বিপ্লব কুমার রায়, সাধারণ সম্পাদক গৌতম রায়, সহসাধারণ সম্পাদক বিলাস বণিক ও বিকাশ দাস উপস্থিত ছিলেন।
এ ছাড়া পৌর শাখার সভাপতি দীপক বণিক, সাধারণ সম্পাদক অখিল সরকারসহ বিভিন্ন শ্রেণি-পেশার সনাতন ধর্মাবলম্বীরা অনুষ্ঠানে অংশ নেন।
ধর্মীয় আনুষ্ঠানিকতা ও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। এ সময় শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা করা হয়।