বরিশালের বাকেরগঞ্জে উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে।
৪ আগস্ট বেলা ১১টায় উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে বাকেরগঞ্জ বন্দরের সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে এ উপলক্ষে আলোচনা সভা, ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পূজা-অর্চনার আয়োজন করা হয়।
উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক সুনীল কুমার দাস (ঝন্টু)-এর সভাপতিত্বে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অভ্রজ্যোতি বড়াল ও বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দীন জমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন খান তালুকদার (শাহীন) এবং উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র পাল বলেন, শ্রীকৃষ্ণ সবসময় অন্যায় ও অসত্যের বিরুদ্ধে নৈতিক প্রতিবাদ এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য দিকনির্দেশনা দিয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, বাংলাদেশ ধর্মীয় শান্তি ও সম্প্রীতির দেশ। হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছেন। প্রত্যেকে নিজ নিজ ধর্মীয় ও সামাজিক উৎসব শান্তিপূর্ণ পরিবেশে পালন করেন এবং একে অপরের আনন্দ ভাগাভাগি করে নেন।
আলোচনা সভা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে সংসদ সদস্য আবুল হোসেন খানসহ প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।