ফেনীর ছাগলনাইয়ায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে পেছন থেকে বাস ধাক্কা দেওয়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া উপজেলার দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
ফাজিলপুর হাইওয়ে থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) আবু নোমান জানান, চট্টগ্রামমুখী লেনে একটি কাভার্ড ভ্যান বিকল হয়ে দাঁড়িয়ে ছিল। পরে সেটিকে একটি লং ভেহিক্যালের সঙ্গে বেঁধে নেওয়ার প্রস্তুতি চলছিল।
এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা ইউনিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানের চালক ও হেলপার এবং বাসের চালক ঘটনাস্থলেই মারা যান।
তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনায় আহত একজনকে উদ্ধার করে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।