চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রায় সমঅধিকার ও নিরাপত্তার দাবি

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রা থেকে সনাতন ধর্মাবলম্বীদের সমঅধিকার, নিরাপত্তা এবং মৌলিক অধিকার নিশ্চিত করার

2026-09-04T15:24:15+00:00
2026-09-04T15:24:15+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে জন্মাষ্টমীর শোভাযাত্রায় সমঅধিকার ও নিরাপত্তার দাবি
চট্টগ্রাম ব্যুরো
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৪ পিএম 
সংগৃহীত ছবি
শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উপলক্ষে চট্টগ্রামে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রা থেকে সনাতন ধর্মাবলম্বীদের সমঅধিকার, নিরাপত্তা এবং মৌলিক অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে নগরীর আন্দরকিল্লা মোড়ে শোভাযাত্রার উদ্বোধন করা হয়। পরে ঢাক-ঢোল ও বাঁশির সুরে বর্ণিল শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জে এম সেন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রায় হাজারো মানুষ অংশ নেন। ভক্তরা শ্রীকৃষ্ণের জীবনের বিভিন্ন ঘটনা ও চরিত্রের আদলে সেজে শোভাযাত্রায় যোগ দেন। অনেকের হাতে ছিল বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার।

শোভাযাত্রা চলাকালে জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট চন্দন তালুকদার বলেন, ভগবান শ্রীকৃষ্ণের ‘দুষ্টের দমন ও শিষ্টের পালন’ বাণীকে সামনে রেখে সবাইকে এগিয়ে যেতে হবে। জাতি, ধর্ম ও বর্ণের ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে দেশ পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

পরিষদের কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ বলেন, অসাম্প্রদায়িক, সাম্য ও মৈত্রীর বাংলাদেশ গড়ার বার্তা দিতে এই আয়োজন করা হয়েছে। সব ধর্মের মানুষের সমঅধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশি হিসেবে সনাতন ধর্মাবলম্বীদের মৌলিক অধিকার যেন কোনোভাবেই লঙ্ঘিত না হয়। চাকরি ও অন্যান্য ক্ষেত্রেও তারা যেন সমান অধিকার পান এবং শান্তিপূর্ণ ও নিরাপদে বসবাস করতে পারেন, সেই নিশ্চয়তা প্রয়োজন।

প্ল্যাকার্ডে নানা দাবি

শোভাযাত্রায় অংশ নেওয়া সনাতনী অধিকার আন্দোলন চট্টগ্রাম বিভাগীয় কমিটির নেতাকর্মীদের হাতে বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। এর মধ্যে ছিল হিন্দুদের দেশান্তর, ধর্মীয় বিভেদ বন্ধ, সংবিধান অনুযায়ী সমঅধিকার নিশ্চিত এবং ঘোষিত বিভিন্ন দাবির বাস্তবায়নের আহ্বান।

এ ছাড়া কয়েকটি সংগঠনের ব্যানার ও ফেস্টুনে সনাতন ধর্মাবলম্বীদের ওপর হামলা, মামলা, গ্রেপ্তার, ধর্ষণ, দেবালয় ভাঙচুর, দখল, অগ্নিসংযোগ এবং সাম্প্রদায়িক উসকানির ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানানো হয়।

জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহর উপস্থিত থাকার কথা থাকলেও তারা অনুষ্ঠানে ছিলেন না।

শোভাযাত্রার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী।

আয়োজক সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আর কে দাশ রুপু জানান, আমন্ত্রিত অতিথিরা বিকেলের অনুষ্ঠানে অংশ নেবেন।

জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার বিকেলে নগরীর জে এম সেন হল প্রাঙ্গণে ‘ধর্ম সম্মেলন’ আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে।

সকালে বেলুন উড়িয়ে শোভাযাত্রার আনুষ্ঠানিক সূচনা হয়। এরপর ঢাক-ঢোল, বাঁশির সুর এবং শ্রীকৃষ্ণের নামসংকীর্তনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন ভক্তরা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: