ডেঙ্গুসহ মশাবাহিত রোগের বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস ও লার্ভা নিধন কার্যক্রম জোরদারে কর্মচারীদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সম্পত্তি শাখা।
কেসিসির প্রশাসকের নির্দেশনায় সম্পত্তি শাখার উদ্যোগে কর্মচারীদের নিয়ে ৬ নম্বর ওয়ার্ড কার্যালয়ে এক জরুরি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রাত সাড়ে ৭টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কেসিসির সম্পত্তি-সংশ্লিষ্ট কর্মকর্তা ও ৫-৬ নম্বর ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা গাজী সালাউদ্দিন।
সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক মো. আবুল হাসান চৌধুরী। এ সময় ৫ নম্বর ওয়ার্ডের সচিব আবু মুসা, ৬ নম্বর ওয়ার্ডের সচিব মো. জুলফিকার আলী, জন্ম ও মৃত্যু নিবন্ধন কর্মকর্তা শেখ আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় নগরীর সম্ভাব্য মশার প্রজননস্থল চিহ্নিত করা, জমে থাকা পানি দ্রুত অপসারণ, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং লার্ভা নিধনে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারীদের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় প্রধান অতিথি মো. আবুল হাসান চৌধুরী বলেন, মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে শুধু ওষুধ ছিটানো বা লার্ভিসাইড প্রয়োগ করলেই হবে না। মশার প্রজননস্থল চিহ্নিত করে দ্রুত ধ্বংস করার পাশাপাশি নিয়মিত নজরদারি নিশ্চিত করতে হবে। এ কাজে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট শাখা ও কর্মচারীদের সমন্বিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কর্মতৎপরতা আরও গতিশীল করার জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান গাজী সালাউদ্দিন।
সভায় মাঠপর্যায়ে নিয়মিত পরিদর্শন, ঝুঁকিপূর্ণ স্থানগুলোর তালিকা তৈরি এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেওয়া হয়।
কেসিসির সম্পত্তি শাখার পক্ষ থেকে জানানো হয়, মশার প্রজননস্থল ধ্বংস ও লার্ভা নিধন কার্যক্রমে কর্মচারীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হবে। একই সঙ্গে নগরবাসীকে বাড়ির আঙিনা, ছাদ, নির্মাণাধীন ভবনসহ বিভিন্ন স্থানে পানি জমতে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।