খুলনার পাইকগাছায় নেশার টাকা না পেয়ে মাকে মারধরের অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। এ সময় মাকে বাঁচাতে এগিয়ে গেলে প্রতিবেশী এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন ওই যুবক। পরে স্থানীয় লোকজন অভিযুক্তকে হাতেনাতে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে উপজেলার চাঁদখালী ইউনিয়নের চককাওয়ালী গ্রামে গোলাম রসুলের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম সিরাজুল ইসলাম (৩০)। তিনি একই গ্রামের জমশেদ গাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে নেশার টাকার জন্য নিজের মা রিজিয়া বেগমকে মারধর করছিলেন গোলাম রসুল। মাকে বাঁচাতে ও মারামারি থামাতে প্রতিবেশী সিরাজুল ইসলাম এগিয়ে যান। এ সময় ক্ষিপ্ত হয়ে গোলাম রসুল হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে সিরাজুলকে কুপিয়ে গুরুতর জখম করেন।
সিরাজুলের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে (খুমেক) রেফার করেন।
এদিকে, ঘটনার পরপরই স্থানীয় লোকজন একত্রিত হয়ে অভিযুক্ত গোলাম রসুলকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
এ বিষয়ে পাইকগাছা থানা পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে আটকের পর থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।