মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান নামে এক টমটম চালক নিহত হয়েছেন। নিহত মান্নান উপজেলার গাজীপুর আটঘর গ্রামের আব্দুল করিমের ছেলে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সুরমাভ্যালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ড্রাম ট্রাকের চালক জোনায়েদ ও হেলপার রানা মিয়াকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বালুবাহী ড্রাম ট্রাকটি দ্রুতগতিতে যাওয়ার সময় একটি টমটমকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে টমটম চালক আব্দুল মান্নান গুরুতর আহত হন। দুর্ঘটনায় তাঁর একটি পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং অপর পা গুরুতর জখম হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন।
পরে তাঁকে মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান বলেন, এ ঘটনায় ড্রাম ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।