৪৫ বছর পর জিয়া হত্যার রহস্যে বড় মোড়, মোজাফফরের ফোনে কী মিলল?

অনলাইন ডেস্ক

রাজনীতি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ৪৫ বছর পর পুনঃতদন্তে নতুন তথ্যের সন্ধান মিলেছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেপ্তার হওয়া সাবেক

2026-09-01T16:57:47+00:00
2026-09-01T16:57:47+00:00
  বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬,
১৮ ভাদ্র ১৪৩৩
 
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি
৪৫ বছর পর জিয়া হত্যার রহস্যে বড় মোড়, মোজাফফরের ফোনে কী মিলল?
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৭ পিএম 
সংগৃহীত ছবি
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ৪৫ বছর পর পুনঃতদন্তে নতুন তথ্যের সন্ধান মিলেছে। দীর্ঘদিন পলাতক থাকার পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের মোবাইল ফোনের তথ্যসহ বিভিন্ন ডিজিটাল আলামত বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের নেপথ্যের যোগাযোগ ও সম্ভাব্য ষড়যন্ত্রের সূত্র খুঁজছেন তদন্তকারীরা।

একই সঙ্গে ১৯৮১ সালের চট্টগ্রাম সার্কিট হাউসে সংঘটিত হত্যাকাণ্ডে কার কী ভূমিকা ছিল, মেজর জেনারেল মঞ্জুরের মৃত্যু কীভাবে ঘটেছিল এবং কথিত ‘সিক্রেট পেপার’ ঘিরে কী ঘটেছিল—এসব বিষয়ও নতুন করে খতিয়ে দেখা হচ্ছে।

গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারীদের তথ্য অনুযায়ী, জিয়াউর রহমান হত্যার সময় তিনি ঘটনাস্থলের কাছাকাছি ছিলেন এবং পরবর্তী সময়ে নথিপত্র তল্লাশি ও লাশ সরানোর কাজে অংশ নিয়েছিলেন।

মোজাফফরের ফোনে কী খুঁজছেন তদন্তকারীরা?

জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দায়িত্ব পাওয়া বিশেষ প্রসিকিউটর তানভীর হাসান জোহা জানিয়েছেন, মোজাফফরের সঙ্গে দেশ-বিদেশের বেশ কয়েকজনের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এসব যোগাযোগের উদ্দেশ্য কী ছিল, এত বছর পর কেন তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল এবং তিনি কীভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন—এসব প্রশ্নের উত্তর খোঁজা হচ্ছে।

তদন্তকারীরা মোজাফফরের দেশে ফেরার পেছনে কারও পৃষ্ঠপোষকতা ছিল কি না, তিনি কার আশ্রয়ে ছিলেন এবং তার ব্যাংক লেনদেনের সঙ্গে কারা যুক্ত ছিলেন—এসব বিষয়ও তদন্তের আওতায় এনেছেন।

জিয়া ও মঞ্জুরের মৃত্যু নিয়েও প্রশ্ন

তদন্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি—জিয়াউর রহমানকে আসলে কে গুলি করেছিল। পাশাপাশি গ্রেফতারের পর মেজর জেনারেল মঞ্জুরকে পুলিশের হেফাজত থেকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত কে নিয়েছিল, কীভাবে তিনি সেনা হেফাজতে গেলেন এবং পরে তার মৃত্যুর ঘটনা কীভাবে ঘটল—এসব বিষয়ও পুনঃতদন্ত করা হচ্ছে।

বিশেষ প্রসিকিউটরের ভাষ্য অনুযায়ী, মঞ্জুরের মৃত্যুর ঘটনায় গুলির তথ্য থাকলেও তৎকালীন তদন্তে বিষয়টি পুরোপুরি পরিষ্কার হয়নি। ফলে তার মৃত্যুর প্রকৃত কারণও নতুন করে অনুসন্ধান করা হচ্ছে।

সামনে আসছে ‘সিক্রেট পেপার’ রহস্য

পুনঃতদন্তে আরেকটি চাঞ্চল্যকর বিষয় সামনে এসেছে—জিয়াউর রহমানের কাছে থাকা একটি কথিত ‘সিক্রেট পেপার’ খোঁজার চেষ্টা হয়েছিল।

হত্যাকাণ্ডের পর ওই নথির প্রতি সংশ্লিষ্টদের এত আগ্রহের কারণ কী ছিল, নথিটিতে কী ছিল এবং সেটির সঙ্গে হত্যাকাণ্ডের কোনো যোগসূত্র ছিল কি না—এসব প্রশ্নের উত্তরও খুঁজছেন তদন্তকারীরা।

এ ছাড়া হত্যাকাণ্ডে লেফটেন্যান্ট মোসলেহ উদ্দিন, মেজর ফজলুল হক, ক্যাপ্টেন সালাউদ্দিন আহমেদ, সৈয়দ মো. মুনির ও ক্যাপ্টেন মো. ইলিয়াসের ভূমিকার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তকারীদের আশা, তৎকালীন সামরিক ও গোয়েন্দা নথি, দেশ-বিদেশের বিভিন্ন প্রতিবেদন এবং জীবিত সাবেক সেনা কর্মকর্তাদের বক্তব্য বিশ্লেষণ করে ৪৫ বছর ধরে অমীমাংসিত থাকা হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর বের করা সম্ভব হতে পারে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: