ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে নদী, পরিবেশ ও প্রকৃতি রক্ষায় কাজ করা স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নোঙর বাংলাদেশ-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টায় সংসদ সদস্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংগঠনের জেলা কমিটির নেতারা। এ সময় তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।
সাক্ষাৎকালে ব্রাহ্মণবাড়িয়ার নদ-নদী, খাল-বিল ও জলাশয় রক্ষা, অবৈধ দখল ও দূষণ প্রতিরোধ, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা অভিযান, জীববৈচিত্র্য সংরক্ষণসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।
নোঙর বাংলাদেশের নেতৃবৃন্দ সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। জেলার পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষার বিভিন্ন কর্মসূচিতে সম্পৃক্ত করার পরিকল্পনার কথাও জানান তারা।
সংগঠনের নেতারা বলেন, ‘নদী বাঁচাও, দেশ বাঁচাও, প্রকৃতি বাঁচাও’—এই মূলমন্ত্রকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশ ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। নদী-খাল রক্ষা, বৃক্ষরোপণ, পরিচ্ছন্নতা কর্মসূচি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল নোঙর বাংলাদেশের পরিবেশ ও সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। নদী, প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোর ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি জনকল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সৌজন্য সাক্ষাতে নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক মো. মনির হোসেন, সিনিয়র সহ-সভাপতি মো. ছগির আহমেদ কাজল, সহ-সভাপতি মোশারফ হোসেন, উম্মে সালমা হেপি, অ্যাডভোকেট জেসমিন আক্তার, সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া (বিল্লাল), যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাম্মেল চৌধুরী, শাহ মাহমুদা আক্তার সুখী, এম. এ. মোমেন ও ফরহাদ সরকারসহ জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান খান মাসুদ, সামসুর রহমান মুনাউর, মুফতি মাও. এনামুল হাসান ও জেসমিন আক্তার, তথ্য-প্রযুক্তি সম্পাদক আবু সোহেল সরকার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মাহমুদুল হাসান রিয়াদ, অর্থ ও তহবিল বিষয়ক সম্পাদক আশিক মান্নান হিমেল, সমাজকল্যাণ ও ত্রাণ সম্পাদক সোহেল খান, শিক্ষা-সাহিত্য ও পাঠাগার সম্পাদক জিয়া আমিনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নোঙর বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার নেতৃবৃন্দ জানান, নদী, প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের কল্যাণে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। জেলার বিভিন্ন এলাকায় পরিবেশ সচেতনতা সৃষ্টি, বৃক্ষরোপণ, নদী-খাল রক্ষা, পরিচ্ছন্নতা, মানবিক সহায়তা ও জনসচেতনতামূলক কর্মসূচি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।