বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নেতৃত্বেই দেশে গণতন্ত্রের বিজয় হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল। এরপর বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে বিএনপি নেতৃত্ব দিয়েছে। গণতন্ত্রের জন্য বিএনপির নেতাকর্মীরা দীর্ঘদিন সংগ্রাম করেছেন।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ নয় বছর আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন। তার নেতৃত্বের আন্দোলনের মধ্য দিয়েই দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৭৫ সালের সিপাহী-জনতার আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলন পর্যন্ত বিভিন্ন গণতন্ত্রকামী আন্দোলনে বিএনপি নেতৃত্ব দিয়েছে বলেও দাবি করেন তিনি।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘যতবার গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, ততবারই বিএনপি গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছে। আমরা বুকে হাত দিয়ে বলতে পারি, বিএনপি কখনো গণতন্ত্রের বিপক্ষে যায়নি।’
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা স্মরণ করে তিনি বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের হাতে গড়া দল বিএনপি। এই দলের নেতৃত্বেই দেশে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের পতন হয়েছে এবং গণতন্ত্রের বিজয় হয়েছে।
সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সরকারের বয়স মাত্র ছয় মাস। এরই মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা, খাল খনন, বৃক্ষরোপণ এবং শিক্ষার্থীদের ব্যাগ ও পোশাক দেওয়ার মতো বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল থেকে রাত পর্যন্ত দেশের মানুষের জন্য কাজ করছেন বলেও মন্তব্য করেন তিনি।
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র ধ্বংসের জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কোনোভাবেই যেন গণতন্ত্রবিরোধী শক্তি আবারও ক্ষমতায় আসতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
জনসভায় জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় বক্তব্য দেন মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আলী ইমাম তপন, যুবদলের সাবেক আহ্বায়ক কাজী শফিকুর রহমান লিটন, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।