অবশেষে সুখবর! আমানত ফেরতের ঘোষণা সম্মিলিত ইসলামী ব্যাংকের

জাতীয়

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি গ্রাহকদের আমানতের মূল টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হবে আগামী ৭ সেপ্টেম্বর থেকে। প্রাথমিকভাবে গ্রাহকেরা হিসাবের

2026-08-31T18:27:17+00:00
2026-08-31T18:27:17+00:00
  মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬,
১৭ ভাদ্র ১৪৩৩
 
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
অবশেষে সুখবর! আমানত ফেরতের ঘোষণা সম্মিলিত ইসলামী ব্যাংকের
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ৬:২৭ পিএম 
প্রতীকী ছবি
সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি গ্রাহকদের আমানতের মূল টাকা ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হবে আগামী ৭ সেপ্টেম্বর থেকে। প্রাথমিকভাবে গ্রাহকেরা হিসাবের জমা থাকা মূল অর্থ এককালীন উত্তোলন বা নগদায়ন করতে পারবেন। তবে উত্তোলন করা অর্থের ওপর কোনো মুনাফা দেওয়া হবে না।

এ জন্য আগামী মঙ্গলবার (১ সেপ্টেম্বর) থেকে ব্যাংকের শাখা ও উপশাখায় আবেদন গ্রহণ শুরু হবে।

ব্যাংকের প্রধান কার্যালয় থেকে জারি করা এক বিশেষ নির্দেশনায় বিভাগীয় প্রধান, জোনাল প্রধান ও শাখা ব্যবস্থাপকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও অপারেশনসের প্রধান সমন্বয়ক এ এফ সাব্বির আহমদ ওই নির্দেশনায় স্বাক্ষর করেছেন।

বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি গ্রাহকদের স্বাভাবিক ব্যাংকিং লেনদেন পুনরায় চালুর কথা রয়েছে। তবে নগদ অর্থের চাহিদাপত্র, বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ সরবরাহ এবং নিরাপদ ক্যাশ ব্যবস্থাপনাসহ বিভিন্ন প্রস্তুতির জন্য কয়েক দিন সময় প্রয়োজন হওয়ায় ৭ সেপ্টেম্বর থেকে আমানতের মূল টাকা ফেরতের কার্যক্রম পুরোদমে শুরু করা হবে।

ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং বিভিন্ন মেয়াদি হিসাব—এমটিডিআর ও ডিপিএসসহ—থেকে গ্রাহকেরা জমা করা মূল অর্থ উত্তোলন করতে পারবেন।

তবে কোনো গ্রাহক হিসাব বন্ধ না করে চালু রাখলে চুক্তি অনুযায়ী নির্ধারিত হারে মুনাফা পেতে থাকবেন। পরবর্তী সময়ে ব্যাংকের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হলে মুনাফাসহ যেকোনো পরিমাণ অর্থ জমা ও উত্তোলনের সুযোগ দেওয়া হবে।

১ সেপ্টেম্বর ‘বিশেষ দিবস’

গ্রাহকদের হারিয়ে যাওয়া আস্থা ও স্বস্তি ফিরিয়ে আনতে ১ সেপ্টেম্বরকে বিশেষ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এ দিনটিকে গ্রাহকদের আস্থা পুনর্গঠনের দিন হিসেবে বিবেচনা করে বিভিন্ন কর্মসূচি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শাখা ও উপশাখাগুলো সাজানো, কর্মকর্তাদের নির্ধারিত ও মার্জিত পোশাকে উপস্থিত থাকা এবং গ্রাহকদের ফুল বা উপহার দিয়ে স্বাগত জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জ্যেষ্ঠ নাগরিক, নারী ও প্রতিবন্ধী গ্রাহকদের অগ্রাধিকার দিয়ে দ্রুত সেবা নিশ্চিত করতে বলা হয়েছে।

শাখায় পরিচ্ছন্ন ও ইতিবাচক পরিবেশ বজায় রাখার পাশাপাশি গ্রাহকসেবার মান ও সন্তুষ্টির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে বলা হয়েছে। সেবার কার্যক্রম ভিডিও ধারণের নির্দেশনাও দেওয়া হয়েছে।

পাঁচ ব্যাংক একীভূত করে গঠন

বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির কারণে দীর্ঘদিন আমানত ফেরত দিতে না পারা এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংককে একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়।

ব্যাংকটির তথ্য অনুযায়ী, একীভূত হওয়া ব্যাংকগুলোতে প্রায় ৭৬ লাখ আমানতকারীর মোট ১ লাখ ৪২ হাজার কোটি টাকা জমা রয়েছে। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের সঞ্চয়ী হিসাবে রয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা।

অন্যদিকে পাঁচ ব্যাংকের মোট ঋণের পরিমাণ প্রায় ১ লাখ ৯২ হাজার কোটি টাকা। এর প্রায় ৮৬ শতাংশই খেলাপি ঋণ। ব্যাংকগুলোর মূলধন ঘাটতিও রয়েছে দেড় লাখ কোটি টাকার বেশি।

সরকারি মালিকানাধীন ব্যাংক হিসেবে গত বছরের নভেম্বরে যাত্রা শুরু করে সম্মিলিত ইসলামী ব্যাংক। ব্যাংকটির অনুমোদিত মূলধন ৪০ হাজার কোটি এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। বাকি ১৫ হাজার কোটি টাকার সমপরিমাণ শেয়ার আমানতকারীদের দেওয়ার কথা রয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: