বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার। সমুদ্র, পাহাড় ও প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছর এখানে ছুটে আসেন হাজারো পর্যটক। তবে কক্সবাজারের প্রচলিত পর্যটন আকর্ষণের বাইরেও রয়েছে এমন কিছু প্রাকৃতিক সম্পদ, যেগুলো এখনো অনেকের কাছে অজানা। তেমনই একটি স্থান টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার প্রায় ২০০ বছরের পুরোনো গর্জন বাগান।
মেরিন ড্রাইভ সড়কের পাশেই পাহাড় ও সমুদ্রের অপূর্ব মেলবন্ধনে গড়ে উঠেছে এই বনভূমি। এখানে রয়েছে হাজার হাজার প্রাচীন গর্জনগাছ। বিশাল আকৃতির গাছ, সবুজের সমারোহ, পাখির কলকাকলি আর পাহাড়ের ওপর থেকে সমুদ্র দেখার সুযোগ—সব মিলিয়ে জায়গাটি হতে পারে দেশের অন্যতম আকর্ষণীয় ইকো-ট্যুরিজম কেন্দ্র। অথচ পর্যাপ্ত প্রচার, পর্যটন সুবিধার অভাব ও নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে এর সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।
সরেজমিনে দেখা গেছে, কক্সবাজার শহর থেকে মেরিন ড্রাইভ সড়ক ধরে প্রায় ৫৫ কিলোমিটার দক্ষিণে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালী রেঞ্জের জাহাজপুরা এলাকায় গর্জন বাগানটির অবস্থান। প্রায় ৭২ হেক্টর এলাকাজুড়ে বিস্তৃত এই বনভূমিতে রয়েছে ৫ হাজার ৭৭২টিরও বেশি গর্জনগাছ। এর অনেকগুলোর বয়স প্রায় ২০০ বছর বা তারও বেশি। গাছগুলোর উচ্চতা ৭০ থেকে ৮০ ফুট পর্যন্ত। গর্জন ছাড়াও এখানে বৈলাম, জারইল, তেলসুর, সাপালি ও শীল করলসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে।
বনের ভেতর দিয়ে পাহাড়ের দিকে এগিয়ে গেলে চোখে পড়ে প্রকৃতির ভিন্ন এক রূপ। পাহাড়ের ওপর থেকে উপভোগ করা যায় সমুদ্রের মনোরম দৃশ্য। পাশাপাশি বিভিন্ন প্রজাতির পাখি ও বন্যপ্রাণীর উপস্থিতি বনটিকে করেছে আরও আকর্ষণীয়।
জানা গেছে, পর্যটকদের আকৃষ্ট করতে ২০১৫ সালে নিরাপত্তা, বিশ্রাম ও বিনোদনের ব্যবস্থা রাখার পরিকল্পনায় বাগানটিকে প্রকৃতি পর্যটনকেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়। অনেকে একে ‘জাহাজপুরা ইকো পার্ক’ নামেও চেনেন। বন বিভাগ ও স্থানীয়দের উদ্যোগে বাগানটি সংরক্ষণের কার্যক্রমও চলছে। তবে পূর্ণাঙ্গ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে এখনো প্রয়োজন পরিকল্পিত উদ্যোগ, পর্যাপ্ত প্রচারণা এবং পর্যটকবান্ধব সুযোগ-সুবিধা।
জাহাজপুরা গর্জন বাগানের পর্যটন সম্ভাবনার পথে অন্যতম বড় বাধা নিরাপত্তা-উদ্বেগ। টেকনাফের বিভিন্ন পাহাড়ি এলাকায় অপহরণ ও অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পর্যটকদের মধ্যে ভীতি তৈরি করেছে। স্থানীয়দের দাবি, ২০২৩ সালে পাহাড়ে অপহরণের ঘটনার পর থেকে এ এলাকায় পর্যটকের সংখ্যা কমতে শুরু করে। ডাকাতি ও অপহরণের আশঙ্কায় অনেকেই এখন সেখানে যেতে আগ্রহী হচ্ছেন না।
এ ছাড়া বাগানের আশপাশে পর্যাপ্ত হোটেল, রিসোর্ট ও মানসম্মত রেস্তোরাঁ নেই। পর্যটকদের বসা ও বিশ্রামের ব্যবস্থাও সীমিত। সরেজমিনে দেখা গেছে, পর্যটকের আনাগোনা কমে যাওয়ায় আগে গড়ে ওঠা কিছু দোকানপাট বন্ধ হয়ে গেছে। এতে পর্যটননির্ভর স্থানীয় মানুষের কর্মসংস্থানও সংকুচিত হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মেহেদী হাসান ভোরের ডাককে বলেন, ‘অপহরণ আতঙ্কের কারণে এখানে খুব একটা পর্যটক আসেন না। আগে পর্যটকদের ঘিরে কিছু দোকানপাট গড়ে উঠেছিল। পর্যটক না আসায় সেগুলো বন্ধ হয়ে গেছে। পর্যটন স্পট হলেও আশপাশে কোনো হোটেল বা রিসোর্ট নেই। ভালো মানের রেস্তোরাঁও নেই। ফলে দিন দিন এখানে পর্যটকের সংখ্যা কমছে।’
শামলাপুরের বাসিন্দা সোহেল রানা ভোরের ডাককে বলেন, ‘আমাদের এলাকায় ডাকাতি ও অপহরণের ঘটনা নিয়মিত ঘটছে। এমন আতঙ্কে এখন পর্যটকেরা আসতে চান না। আগে পর্যটকদের ঘিরে অনেকের জীবিকা চলত। এখন পর্যটক কমে যাওয়ায় দোকানপাট বন্ধ হচ্ছে, অনেক মানুষ বেকার হয়ে পড়েছেন।’
পর্যটনসংশ্লিষ্টদের মতে, জাহাজপুরা গর্জন বাগানকে কক্সবাজারের প্রচলিত পর্যটন প্যাকেজে অন্তর্ভুক্ত করা গেলে নতুন একটি পর্যটন গন্তব্য তৈরি হতে পারে। কক্সবাজার শহর থেকে হিমছড়ি, ইনানী ও শীলখালী হয়ে জাহাজপুরা গর্জন বাগান এবং টেকনাফ পর্যন্ত সমন্বিত পর্যটন রুট চালু করা যেতে পারে।
এ জন্য প্রথমেই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি বনভূমির প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রেখে হাঁটার পথ, পর্যবেক্ষণ টাওয়ার, তথ্যকেন্দ্র, প্রশিক্ষিত গাইড এবং প্রয়োজনীয় বিশ্রাম সুবিধা গড়ে তোলা প্রয়োজন। একই সঙ্গে বন ও বন্যপ্রাণী সংরক্ষণের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
জাহাজপুরা গর্জন বাগান শুধু পর্যটন আকর্ষণ নয়, এটি পরিবেশ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ সম্পদ। প্রাচীন গাছগুলো সংরক্ষণ, অবৈধভাবে গাছ কাটা বন্ধ এবং স্থানীয় জনগোষ্ঠীকে বন রক্ষার কাজে সম্পৃক্ত করা জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগে বনভূমিটিকে পরিবেশবান্ধব পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা গেলে কক্সবাজারের পর্যটনে নতুন মাত্রা যোগ হওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ সৃষ্টি হতে পারে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনিক চৌধুরী দৈনিক ভোরের ডাককে বলেন, ‘পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন কাজ করছে। যেসব এলাকায় ডাকাতি ও অপহরণের ঝুঁকি রয়েছে, সেসব বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি এসব পর্যটন স্পটকে নিরাপদ ও পর্যটকবান্ধব করতে উদ্যোগ নেওয়া হবে।’