জাহাজ নির্মাণে অর্থায়নের জট কাটাতে চান শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

দেশের জাহাজ নির্মাণ শিল্পের বিকাশে বরাদ্দ করা অর্থ দ্রুত প্রকৃত উদ্যোক্তাদের হাতে পৌঁছানোর ওপর জোর দিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

2026-11-12T16:41:25+00:00
2026-11-12T16:41:25+00:00
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
জাতীয়
জাহাজ নির্মাণে অর্থায়নের জট কাটাতে চান শিল্পমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৪:৪১ পিএম 
জাহাজ নির্মাণে অর্থায়নের জট কাটাতে চান শিল্পমন্ত্রী
দেশের জাহাজ নির্মাণ শিল্পের বিকাশে বরাদ্দ করা অর্থ দ্রুত প্রকৃত উদ্যোক্তাদের হাতে পৌঁছানোর ওপর জোর দিয়েছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, শুধু তহবিল বরাদ্দ করলেই হবে না, উদ্যোক্তাদের প্রয়োজন ও সক্ষমতা বিবেচনায় কার্যকর অর্থায়নব্যবস্থা নিশ্চিত করতে হবে।

এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরাসরি অর্থ বিতরণের পাশাপাশি নির্ধারিত ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণ ও অর্থায়নের বিষয়টিও বিবেচনায় নেওয়ার পরামর্শ দেন তিনি। একই সঙ্গে অর্থ ছাড়ের দীর্ঘসূত্রতা কমিয়ে এ শিল্পের আন্তর্জাতিক প্রতিযোগিতা সক্ষমতা ও রফতানি সম্ভাবনা বাড়ানোর তাগিদ দেন মন্ত্রী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে জাহাজ নির্মাণ শিল্পে অর্থায়ন, দ্রুত তহবিল ছাড় ও প্রয়োজনীয় সহায়তা নিয়ে আয়োজিত এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, দেশে জাহাজ নির্মাণ শিল্পের উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের সংখ্যা এখনো সীমিত। তাই এ খাতের জন্য অর্থায়নব্যবস্থা তৈরির সময় উদ্যোক্তাদের বাস্তব চাহিদা ও আর্থিক সক্ষমতাকে গুরুত্ব দিতে হবে। শিল্পের সম্প্রসারণে সহজ অর্থায়নের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সহায়তাও নিশ্চিত করা জরুরি।

এ শিল্পের দীর্ঘমেয়াদি উন্নয়নে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, বিশ্বজুড়ে বেসরকারি ব্যবস্থাপনাকে তুলনামূলক দক্ষ মনে করা হলেও শিল্পটির বিকাশের এ পর্যায়ে সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক প্রাতিষ্ঠানিক কাঠামো প্রয়োজন। সরকারি ব্যবস্থাপনার মাধ্যমে আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করা সম্ভব।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জাহাজ নির্মাণ শিল্পকে শুধু তাৎক্ষণিক মুনাফার বিবেচনায় দেখলে চলবে না। দীর্ঘ মেয়াদে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা অর্জন এবং রফতানি আয় বাড়ানোর মাধ্যমে এ খাতের সম্ভাবনা কাজে লাগাতে হবে। এ জন্য নতুন উদ্যোক্তা তৈরি, পরবর্তী প্রজন্মকে শিল্পের সঙ্গে যুক্ত করা এবং পেশাদার করপোরেট সংস্কৃতি গড়ে তোলার প্রয়োজন রয়েছে।

বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগ ও ব্যবসায়িক সক্ষমতা বাড়াতে সরকারি-বেসরকারি খাতের মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান জানান শিল্পমন্ত্রী। তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও শৃঙ্খলাকে কাজে লাগিয়ে বেসরকারি খাতের অংশগ্রহণ আরও বিস্তৃত করতে হবে।

এ লক্ষ্যে জাহাজ নির্মাণ শিল্পের উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় শিল্প সচিব আব্দুন নাসের খান, খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. আব্দুল লতিফ, শিল্প মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাহাজ নির্মাণ শিল্প-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: