জলবায়ু অর্থায়নে ৫০ শতাংশ অভিযোজনের দাবি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি

2026-11-12T15:28:32+00:00
2026-11-12T15:30:32+00:00
  বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
 
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
জাতীয়
কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাব
জলবায়ু অর্থায়নে ৫০ শতাংশ অভিযোজনের দাবি
নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ৩:২৮ পিএম  আপডেট: ১২.১১.২০২৬ ৩:৩০ পিএম
জলবায়ু অর্থায়নে ৫০ শতাংশ অভিযোজনের দাবি
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর স্বার্থ সুরক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি পাঁচটি জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জলবায়ু সংকট মোকাবিলায় ‘সাধারণ কিন্তু ভিন্নতর দায়িত্ব এবং নিজ নিজ সক্ষমতা’ নীতির ভিত্তিতে কার্যকর ও সমন্বিত উদ্যোগ নিতে হবে।

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ-৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব প্রস্তাব তুলে ধরেন। তাঁর প্রস্তাবে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন, ঋণ-ত্রাণ, প্রযুক্তি হস্তান্তর এবং নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। অথচ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমনে বাংলাদেশের অবদান শূন্য দশমিক ৫ শতাংশেরও কম। এই বাস্তবতা সত্ত্বেও সরকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু-সহনশীল ও টেকসই অর্থনীতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

‘সবার আগে বাংলাদেশ’ দর্শনের কথা উল্লেখ করে তিনি বলেন, সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণকে পরস্পরের পরিপূরক হিসেবে দেখছে। শিল্পায়ন ও উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি প্রকৃতি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখাও জরুরি।

২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুৎ চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, প্যারিস চুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে নিট-জিরো নির্গমনের লক্ষ্যে কাজ করছে সরকার। বিশেষ কর প্রণোদনার মাধ্যমে চার হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনেও উৎসাহ দেওয়া হচ্ছে।

সবুজ শিল্পায়নের প্রসঙ্গে তিনি জানান, বাংলাদেশে বর্তমানে প্রায় ৩০০টি লিড সনদপ্রাপ্ত তৈরি পোশাক কারখানা রয়েছে। বৈদ্যুতিক যানবাহনসহ পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা সম্প্রসারণ, পাটের ব্যাগের মতো পরিবেশবান্ধব পণ্যের ব্যবহার বাড়ানো এবং কার্বন বাণিজ্যের জন্য জাতীয় কাঠামো তৈরির কাজও চলছে।

পরিবেশ সংরক্ষণে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। এ ছাড়া পদ্মা ও তিস্তা ব্যারেজের মহাপরিকল্পনার পাশাপাশি ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের লক্ষ্য পানি সংরক্ষণ, বন্যার ঝুঁকি কমানো, জলাভূমি পুনরুজ্জীবিত করা এবং ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো। উপকূলীয় এলাকায় ম্যানগ্রোভ বন পুনরুদ্ধারের উদ্যোগও নেওয়া হয়েছে।

জলবায়ু অর্থায়নের সীমাবদ্ধতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিদ্যমান বৈশ্বিক অর্থায়নব্যবস্থা এখনো অপর্যাপ্ত। উন্নয়নশীল দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকারও এতে যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি করছে। এর সঙ্গে ঋণ পরিশোধের ক্রমবর্ধমান বোঝা ও সীমিত আর্থিক সম্পদ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।

তিনি বলেন, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য নতুন ঋণের পরিবর্তে অনুদান প্রয়োজন। পাশাপাশি নির্ভরযোগ্য আর্থিক সহায়তা, আধুনিক প্রযুক্তিতে প্রবেশাধিকার এবং অভিযোজন কার্যক্রমে জোরালো সহযোগিতা নিশ্চিত করতে হবে।

এ সময় পাঁচটি প্রস্তাব তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রথম প্রস্তাবে তিনি বলেন, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের নিজস্ব অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করতে হবে। পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর প্রচেষ্টাকেও সহায়তা দিতে হবে।

দ্বিতীয় প্রস্তাবে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ ও ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-এর মতো উদ্যোগের মাধ্যমে জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালুর আহ্বান জানান তিনি।

তৃতীয়ত, পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার এবং উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার কথা বলেন। চতুর্থ প্রস্তাবে সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন ও ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন।

পঞ্চম প্রস্তাবে ন্যায্য অর্থায়ন ও বাণিজ্যের ভিত্তিতে জ্বালানির ন্যায়সংগত রূপান্তর নিশ্চিত করতে কপ-৩১ সম্মেলনে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী।

জলবায়ু কার্যক্রমে নারী ও তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি মর্যাদাপূর্ণ সবুজ কর্মসংস্থান সৃষ্টির ওপরও গুরুত্ব দেন তিনি। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন কমিয়ে তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখার লক্ষ্য অর্জনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বক্তব্যের শেষাংশে একটি সফল কপ-৩১ সম্মেলনের প্রত্যাশা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য এ সম্মেলন থেকে অর্থবহ, ভারসাম্যপূর্ণ ও উচ্চাভিলাষী সিদ্ধান্ত আসবে বলে বাংলাদেশ আশা করে। তিনি বলেন, ‘আসুন, আমরা আমাদের প্রতিশ্রুতিগুলোকে বাস্তবে রূপান্তর করি। বৈশ্বিক সংহতি জোরদার করি এবং একসঙ্গে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি।’

বক্তব্যের শুরুতে কপ-৩১ আয়োজনের জন্য তুরস্ক সরকার এবং আলোচনা প্রক্রিয়ায় নেতৃত্ব দেওয়ার জন্য অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: