ঢাকা-পাবনা রুটে চালু হতে যাওয়া নতুন দুই আন্তঃনগর ট্রেন ‘পাবনা প্রভাতী’ ও ‘পাবনা গোধূলি’র টিকিট বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট কেনার সুযোগ পাচ্ছেন যাত্রীরা। প্রথম ধাপে ২০, ২১ ও ২২ নভেম্বরের যাত্রার টিকিট পাওয়া যাচ্ছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, পাবনা থেকে ঢাকার সাধারণ টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৪২৫ টাকা। এর সঙ্গে অনলাইন টিকিট বিক্রির মাধ্যম সহজের সার্ভিস চার্জ ২০ টাকা যুক্ত হওয়ায় যাত্রীকে মোট ৪৪৫ টাকা দিতে হবে।
এর আগে বুধবার (১১ নভেম্বর) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক বিজ্ঞপ্তিতে টিকিট বিক্রির সময়সূচি জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ নভেম্বর থেকে ২০, ২১ ও ২২ নভেম্বরের টিকিট বিক্রি শুরু হবে। পরবর্তী সময়ে প্রতিটি যাত্রার নির্ধারিত দিনের ১০ দিন আগে অনলাইনে টিকিট পাওয়া যাবে।
রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৯ নভেম্বর নতুন দুই ট্রেনের উদ্বোধন করা হবে। এ উপলক্ষে ওই দিন বিকেল সাড়ে ৪টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে একটি বিশেষ ট্রেন পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
উদ্বোধনী বিশেষ ট্রেনের টিকিট অনলাইনে পাওয়া যাবে না। যাত্রীদের পাবনা ও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের কাউন্টার থেকে কম্পিউটারাইজড পদ্ধতিতে টিকিট সংগ্রহ করতে হবে। বিশেষ ট্রেনটি পাবনা ও ঢাকার মধ্যবর্তী সময়ে শুধু ঈশ্বরদী স্টেশনে থামবে।
নিয়মিত যাত্রী পরিবহন শুরু হবে ২০ নভেম্বর থেকে। ওই দিন সকাল ৮টায় ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ পাবনা থেকে ঢাকার উদ্দেশে ছাড়বে। আর ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে পাবনার উদ্দেশে যাত্রা করবে ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’।
নিয়মিত চলাচলের সময় ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে।