যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৭ লাখ ৬৩ হাজার টাকার ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (৩১ আগস্ট) বেনাপোল আইসিপি এলাকায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহলদল এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় নিয়মিত চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে টহলদল অভিযান চালায়। এ সময় ভারতীয় ৬৯টি শাড়ি, ৩টি কম্বল, ৫০ প্যাকেট ফুচকা, ৪ কেজি জিরা, ২ কেজি কিসমিস, ৫৪২টি চকলেট ও ৩১৩টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।
জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৬৩ হাজার ৩৫০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালান বন্ধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।