নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পরিত্যক্ত কারখানায় অভিযান চালিয়ে বিদেশি একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১। তবে অভিযানের সময় সেখানে থাকা কয়েকজন ব্যক্তি পালিয়ে গেছে বলে জানিয়েছে র্যাব।
সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ফতুল্লার কুতুবাইল এলাকার প্যারাডাইস ক্যাবলের পরিত্যক্ত কারখানায় এ অভিযান চালানো হয়।
র্যাব-১১ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসির একটি আভিযানিক দল কারখানাটিতে অভিযান পরিচালনা করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা কয়েকজন ব্যক্তি দ্রুত সেখান থেকে পালিয়ে যায়।
পরে কারখানার ভেতর ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ঝোপের আড়ালে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি রিভলবার ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়।
উদ্ধার করা অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১১ জানিয়েছে, নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।