ময়মনসিংহের ত্রিশালে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালকসহ আরও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি মোড়সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বালিপাড়ার দিকে যাচ্ছিল একটি ট্রাক। বিপরীত দিক থেকে ত্রিশালের দিকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে ঠাকুরবাড়ি মোড় এলাকায় ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
নিহতদের মধ্যে আনুমানিক ৩৫ বছর বয়সী এক পুরুষ ও ৪০ বছর বয়সী এক নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনায় সিএনজি চালকসহ চারজন আহত হন। আহতরা হলেন, ফয়জুল (৩৪), রুবেল (৩০), হৃদয় (২২) ও নাবিল (২২)। স্থানীয়রা তাদের উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ফয়জুল ও রুবেলের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সাদিকুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালান। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়েছে। নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ত্রিশাল থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণে কিছু সময় সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।