
রোববার (৩০ আগস্ট) রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উপজেলা সদরের ২ নম্বর ইউনিয়নের চাঁনপাড়া ও তোপখানা গ্রামের মধ্যে এ সংঘর্ষ চলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে তোপখানা এলাকার খেলোয়াড়দের সঙ্গে চাঁনপাড়া ও তোপখানা গ্রামের লোকজনের বাকবিতণ্ডা হয়। এরই জেরে রাতে দুই গ্রামের লোকজন টর্চ জ্বালিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের লোকজন ইটপাটকেল নিক্ষেপ করেন।
খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে ইটপাটকেলের আঘাতে উভয়পক্ষের শতাধিক লোক আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে অনেকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এ ছাড়া সংঘর্ষের সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় বেশ কয়েকটি ঘরবাড়ির টিনের চালা ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি যানবাহনেও ভাঙচুর চালানো হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে চার রাউন্ড টিয়ারগ্যাস নিক্ষেপ করতে হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দাঙ্গা প্রতিরোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।