
মাগুরার আট বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। সোমবার (৩১ আগস্ট) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বেঞ্চ আসামির ডেথ রেফারেন্স ও আপিলের ওপর এ রায় ঘোষণা করেন।
এর আগে গত ২৪ আগস্ট মামলাটিতে হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ হয়। পরে ২৫ আগস্ট রায় ঘোষণার দিন নির্ধারণ করা হলেও তা পিছিয়ে ৩১ আগস্ট ধার্য করা হয়েছিল।
মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৫ মার্চ মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী এলাকায় ঘটনাটি ঘটে। রমজানের ছুটিতে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ওই রাতে ধর্ষণের শিকার হয় আট বছরের শিশু আছিয়া। মামলার আসামি ও শিশুটির বোনের শ্বশুর হিটু শেখের বিরুদ্ধে ধর্ষণের পর শিশুটিকে হত্যার চেষ্টার অভিযোগ ওঠে।
গুরুতর আহত অবস্থায় শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়। পরে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় আছিয়ার মা বাদী হয়ে হিটু শেখসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ মামলার আসামিদের গ্রেপ্তার করে।
তদন্ত শেষে ২০২৫ সালের ১৩ এপ্রিল পুলিশ মামলাটিতে অভিযোগপত্র দাখিল করে। একই বছরের ২৩ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। এরপর ২৭ এপ্রিল থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলায় রাষ্ট্রপক্ষে মোট ২৯ জন সাক্ষ্য দেন।
দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে হিটু শেখের বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ডের রায় বহাল রাখলেন হাইকোর্ট।