ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে লালদিয়া টার্মিনাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : অর্থমন্ত্রী

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন অর্থ ও

2026-08-30T18:04:26+00:00
2026-08-30T18:04:26+00:00
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
জাতীয়
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে লালদিয়া টার্মিনাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : অর্থমন্ত্রী
ভোরের ডাক ডেস্ক
রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৬:০৪ পিএম 
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে লালদিয়া টার্মিনাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : অর্থমন্ত্রী
বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৩০ আগস্ট) চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ডেনমার্কভিত্তিক টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস প্রায় ৫৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে প্রকল্পটি বাস্তবায়ন করছে। অর্থমন্ত্রী বলেন, আধুনিক এই টার্মিনাল চালু হলে এর সুফল শুধু চট্টগ্রাম বা বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না; বরং আঞ্চলিক বাণিজ্য ও অর্থনীতিতেও এর প্রভাব পড়বে।

তিনি বলেন, চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার আলোচনা দীর্ঘদিনের। তবে বিভিন্ন বড় প্রকল্প, বিনিয়োগ ও অর্থনৈতিক কার্যক্রমের সম্প্রসারণের মধ্য দিয়েই চট্টগ্রাম ধীরে ধীরে প্রকৃত বাণিজ্যিক রাজধানীর রূপ পাবে।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার ব্যবসা ও বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে কাজ করছে। উচ্চাভিলাষী অর্থনৈতিক লক্ষ্য বাস্তবায়নের পাশাপাশি পরিকল্পিতভাবে দেশের অর্থনৈতিক কাঠামোকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ডেনমার্কের বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, এপিএম টার্মিনালস বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ বন্দরে টার্মিনাল পরিচালনা করছে। বাংলাদেশের লালদিয়া প্রকল্পে তাদের বড় অঙ্কের বিনিয়োগ দেশের জন্য ইতিবাচক বার্তা বহন করছে। ভবিষ্যতে বিনিয়োগের পরিমাণ আরও বাড়তে পারে বলেও তিনি উল্লেখ করেন।

অর্থমন্ত্রী আরও বলেন, লালদিয়া টার্মিনাল আঞ্চলিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে। আশপাশের দেশ ও অঞ্চলের বন্দরগুলোও প্রয়োজন অনুযায়ী এই টার্মিনালের কনটেইনার হ্যান্ডলিং সুবিধা ব্যবহার করার সুযোগ পেতে পারে। এতে বাংলাদেশের অর্থনৈতিক কার্যক্রম ও বৈদেশিক আয় বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে।

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য নিয়ে সংশয়ের বিষয়ে তিনি বলেন, দেশে বিদেশি বিনিয়োগের প্রবাহ বাড়ছে। একই সঙ্গে বেসরকারি খাত যদি আরও বড় পরিসরে বিনিয়োগে এগিয়ে আসে, তাহলে দীর্ঘমেয়াদে এই লক্ষ্য অর্জন করা সম্ভব।

তিনি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি মানুষের জীবনযাত্রার মান উন্নয়নও সরকারের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলম চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি এখানে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হচ্ছে। বিভিন্ন প্রতিষ্ঠান বন্দরের উন্নয়ন ও সম্প্রসারণে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে। লালদিয়া টার্মিনাল সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বাস্তবায়িত একটি বড় প্রকল্প, যেখানে আধুনিক বিভিন্ন সুবিধা যুক্ত হবে।

এপিএম টার্মিনালসের প্রধান নির্বাহী কর্মকর্তা রমেশ ডেভিড জানান, লালদিয়া টার্মিনালে আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতি ব্যবহার করা হবে। পরিকল্পনা অনুযায়ী সেখানে সাতটি শিপ-টু-শোর গ্যান্ট্রি ক্রেন, ৩২টি বৈদ্যুতিক রাবার-টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন এবং ৪১টি ইলেকট্রিক টার্মিনাল ট্র্যাক্টর স্থাপন করা হবে। এসব প্রযুক্তির মাধ্যমে কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়বে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান বলেন, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের বড় অংশ চট্টগ্রাম বন্দরের ওপর নির্ভরশীল। বর্তমানে দেশের প্রায় ৯২ শতাংশ আমদানি-রপ্তানি পণ্য এবং ৯৮ শতাংশের বেশি কনটেইনার এই বন্দরের মাধ্যমে পরিচালিত হয়।

তিনি বলেন, আগামী এক দশকে বন্দরের কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানোর পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণকে স্বাগত জানায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া, এপিএম টার্মিনালসের বিভির গ্লোবাল হেড অব বিজনেস ইমপ্লেমেন্টেশন জ্যাক ক্রেইগ এবং ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য দেন।

পরে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, নৌপরিবহণমন্ত্রী শেখ রবিউল আলমসহ অতিথিরা লালদিয়া কন্টেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্য দিয়ে প্রকল্পটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আমিরুল হক, চট্টগ্রাম সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম সাইফুল আলমসহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: