জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) বড় ধরনের রদবদল করা হয়েছে। বিসিএস (কর) ক্যাডারের অতিরিক্ত কর কমিশনার পদমর্যাদার ৩৬ কর্মকর্তাকে একযোগে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) অভ্যন্তরীণ সম্পদ বিভাগের কর প্রশাসন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রথম সচিব ওয়াকিল আহমদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, বদলি হওয়া কর্মকর্তাদের দেশের বিভিন্ন কর অঞ্চল, কর আপিল অঞ্চল এবং এনবিআরের বিভিন্ন ইউনিটে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন দীপক কুমার চক্রবর্তী, মোহাম্মদ আব্দুল্লাহ, মোহাম্মদ শাহাদাত হোসেন, মোহাম্মদ মঈনুল হাসান, ইভানা আফরোজ সাঈদ, মুরাদ আহমেদ, মো. শহিদুল ইসলাম ও মাসুদুল করিম ভূঁইয়া।
এ ছাড়া হাছিনা আক্তার, রিগ্যান চন্দ্র দে, ফারজানা নাজনীন, সুলতানা হাবীব, কামরুল হাসান, শেখ মো. কামরুজ্জামান, আরিফুল হক, তানিয়া সুলতানা, মো. মারুফ উল আবেদীন এবং মো. তানভীর মোর্শেদসহ আরও কর্মকর্তাকে বিভিন্ন দপ্তর ও কর অঞ্চলে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে দেখা যায়, কেউ কর অঞ্চল থেকে অন্য কর অঞ্চলে, কেউ কর আপিল অঞ্চলে এবং কেউ এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট, আন্তর্জাতিক কর ইউনিট, উৎসে কর ব্যবস্থাপনা ইউনিট ও কর পরিদর্শন পরিদপ্তরে নতুন দায়িত্ব পেয়েছেন।
চট্টগ্রাম, ঢাকা, যশোর, নারায়ণগঞ্জ, রংপুর, পাবনা, কুমিল্লা, নোয়াখালী ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন কর অঞ্চলেও কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে।
মুসতবা ইশতিয়াক আহমদ, দীপক কুমার পাল, তরঙ্গ কুমার মন্ডল, ফারহানা শেখ, অমিত কুমার দাস, মো. ফারজানুল ইসলাম, সোনালী বিশ্বাস, প্রণব সরকার ও মো. আবুল কালাম আজাদসহ আরও কয়েকজন কর্মকর্তা নতুন কর্মস্থলে দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া মোহাম্মদ দাউদ হোসেন, মো. এনামুল কবির, বাপন চন্দ্র দাস, মহিদুল ইসলাম, মো. শফিউল ইসলাম এবং এস এম গালিব ফারুককেও নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেসব কর্মস্থলে বদলি কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে, সেখানে আগে থেকে কেউ অতিরিক্ত দায়িত্বে থাকলে তা বাতিল হবে। বদলি হওয়া কর্মকর্তাদের নিজ নিজ বর্তমান দায়িত্বভার হস্তান্তর করে অবিলম্বে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে।
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।