
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা ভেঙে ১০টি সিলিং ফ্যান ও তিনটি সিসি ক্যামেরা চুরি হয়েছে।
উপজেলার বলদিয়া ইউনিয়নের খোচাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোববার (৩০ আগস্ট) বিকেলে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির পর সব শ্রেণিকক্ষের দরজা তালাবদ্ধ করে দেওয়া হয়। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে রোববার সকালে বিদ্যালয়ে এসে শিক্ষকরা দেখতে পান, শ্রেণিকক্ষের তালা ভাঙা।
পরে দেখা যায়, একটি শ্রেণিকক্ষ থেকে চারটি এবং অপর দুটি শ্রেণিকক্ষ থেকে তিনটি করে মোট ১০টি সিলিং ফ্যান ও তিনটি সিসি ক্যামেরা চুরি হয়েছে। বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে কে বা কারা এসব মালামাল চুরি করে নিয়ে গেছে, তা জানা যায়নি। চুরি হওয়া সিসি ক্যামেরাগুলোও নষ্ট থাকায় চোর শনাক্ত করা সম্ভব হয়নি।
খোচাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, ‘বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির সময় সবকিছু ঠিকঠাক ছিল। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি শেষে রোববার সকালে বিদ্যালয়ে এসে দেখি শ্রেণিকক্ষের দরজা খোলা। তিনটি কক্ষ থেকে ১০টি ফ্যান ও তিনটি সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে। বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছে। বিদ্যালয় ছুটির পর থানায় গিয়ে জিডি করা হবে।’
সহকারী উপজেলা শিক্ষা অফিসার এছাহাক আলী বলেন, ‘বিদ্যালয়ের মালামাল চুরির বিষয়টি প্রধান শিক্ষক আমাকে জানিয়েছেন। তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস বলেন, ‘চুরির ঘটনাটি এখনো কেউ আমাকে জানায়নি। জানালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’