কিশোরগঞ্জের কটিয়াদীতে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
রবিবার (৩০ আগস্ট) বিকেল ৩টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের বানিয়াগ্রামের তেভাগা এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হবিগঞ্জের বাসিন্দা রাবেয়া (৫০), মিলন মিয়া (৩৫) ও জারা মনি (৫)। তাদের মধ্যে মিলন মিয়া দুর্ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় রাবেয়া ও জারা মনিকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হবিগঞ্জের কয়েকজন ব্যক্তি ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক রোগীকে দেখতে গিয়েছিলেন। পরে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে কটিয়াদীর আচমিতা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মিলন মিয়া নিহত হন। গুরুতর আহত অবস্থায় অন্যদের উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
কটিয়াদী মডেল থানার ওসি মো. রফিকুল ইসলাম তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দুর্ঘটনায় আহত তিনজনের পরিচয় ও বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।