সাফারি পার্কে ময়লা পরিষ্কার করতে বলায় নারীসহ ৮ দর্শনার্থীকে মারধর

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে কোর সাফারি পার্কের দর্শনার্থী বাসের সিটে ময়লা পরিষ্কার করতে বলায় বন প্রহরীদের হামলায় নারী দর্শনার্থীসহ ৮ জন আহত

2026-08-30T10:26:15+00:00
2026-08-30T10:26:15+00:00
  সোমবার, ৩১ আগস্ট ২০২৬,
১৬ ভাদ্র ১৪৩৩
 
সোমবার, ৩১ আগস্ট ২০২৬
সারাদেশ
সাফারি পার্কে ময়লা পরিষ্কার করতে বলায় নারীসহ ৮ দর্শনার্থীকে মারধর
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা
রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১০:২৬ এএম 
সংগৃহীত ছবি

গাজীপুরের শ্রীপুরে কোর সাফারি পার্কের দর্শনার্থী বাসের সিটে ময়লা পরিষ্কার করতে বলায় বন প্রহরীদের হামলায় নারী দর্শনার্থীসহ ৮ জন আহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) হামলা ও মারধরের ঘটনায় এক দর্শনার্থী শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন। রবিবার (৩০ আগস্ট) সকালে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন রাজধানীর বারিধারা (নতুন বাজার) এলাকার সালমা হোসেন (৪৫), তাঁর দুই ছেলে আহনাফ মাহিন (১৭) ও জারিফ (১৫), তাঁদের ব্যক্তিগত গাড়ির চালক রাসেল (২৫), আব্দুল কাহারের ছেলে মানিক মিয়া (৩৭), ফরিদ উদ্দিনের ছেলে আরমান (৪৫), আফাজ উদ্দিনের ছেলে দোয়েল হক (৩৫) ও আশিক (৩৫)।

সন্ধ্যার পর ওই মারামারির ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি গণমাধ্যমকর্মীদের নজরে আসে। শনিবার (২৯ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পার্কের সহকারী বন সংরক্ষকের কার্যালয়ের একটি কক্ষে হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত প্রহরী ফরহাদকে বরখাস্ত করেছে পার্ক কর্তৃপক্ষ।

দর্শনার্থী সালমা হোসেন জানান, ঘটনার দিন দুপুরে দুই ছেলে আহনাফ ও জারিফকে নিয়ে তিনি গাজীপুর সাফারি পার্কে যান। কোর সাফারির দর্শনার্থী বাসে উঠে সিটে ময়লা দেখতে পেয়ে তিনি প্রহরী ফরহাদকে তা পরিষ্কার করতে বলেন। সিট পরিষ্কার করা তাঁর দায়িত্ব নয় বলে জানালে এ নিয়ে ওই নারী দর্শনার্থীর ছেলের সঙ্গে প্রহরীর কথা-কাটাকাটি হয়।

পরে দর্শনার্থী বাসটি কোর সাফারি ঘুরে এসে তাঁদের নামিয়ে না দিয়ে চালক বাসটি সরাসরি সহকারী বন সংরক্ষকের কার্যালয়ের নিচে নিয়ে যান। সেখানে প্রহরী ফরহাদসহ তাঁর অন্য সহকর্মীরা সালমার দুই ছেলে ও ব্যক্তিগত গাড়ির চালক রাসেলকে মারধর শুরু করেন। তিনি বাধা দিতে গেলে তাঁকেও ইউনিফর্ম পরিহিত পার্কের লোকজন ধাক্কা দেন।

এ সময় ওই নারীর তিন ভরি ওজনের স্বর্ণের চেইন, তাঁর ও ছেলের মুঠোফোন এবং নগদ ৮০ হাজার টাকা খোয়া যায় বলে অভিযোগ করেন তিনি।

সাফারি পার্কের দায়িত্বে থাকা টুরিস্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, দর্শনার্থী সালমা হোসেন কোর সাফারি বাসের দায়িত্বে থাকা প্রহরী ফরহাদকে বাসের সিটে থাকা ময়লা পরিষ্কার করতে বলেন। এ সময় প্রহরী ফরহাদ বলেন, ‘সিট পরিষ্কার করা আমার দায়িত্ব নয়। আমার দায়িত্ব হলো বাসের সবগুলো সিট পূর্ণ হয়েছে কি না, তা দেখভাল করা।’ একপর্যায়ে উভয়ের মধ্যে তর্ক হয়। এ সময় ওই নারীর ছেলের সঙ্গে প্রহরীর হাতাহাতি হয়।

তিনি আরও বলেন, দর্শনার্থী বাসটি কোর সাফারি ঘুরে আসার পর প্রহরী ফরহাদ তাঁর অন্যান্য সহযোগীর সঙ্গে ফোনে যোগাযোগ করেন। পরে চালককে বাসটি দর্শনার্থীদের নিয়ে সহকারী বন সংরক্ষকের কার্যালয়ের নিচে এসে দাঁড়াতে বলা হয়। সেখানে পার্কের দায়িত্বে থাকা অন্যান্য লোকজন ওই নারীকে পার্কের দোতলায় অফিসে যেতে বলেন। অফিসে যাওয়ার কথা বলায় নারী বিষয়টি ভালোভাবে নেননি। এ সময় পার্কের সব বন প্রহরী কার্যালয়ের নিচে অবস্থান নেন। একপর্যায়ে বন প্রহরীদের সঙ্গে ওই নারীর ছেলের হাতাহাতি হয় এবং বন প্রহরীরা তাঁকে এলোপাতাড়ি মারধর করেন।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান সাংবাদিকদের জানান, দর্শনার্থী বাসের সিটে থাকা ময়লা পরিষ্কার করা নিয়ে ওই বাসের দায়িত্বে থাকা প্রহরী ফরহাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। এ সময় নারী দর্শনার্থীর ছেলের সঙ্গে প্রহরীর হাতাহাতি হয়। পরিদর্শন শেষে চালক দর্শনার্থী বাসটি পার্কের অফিসের নিচে নিয়ে আসেন। সেখানে পার্কের অন্যান্য লোকজনের সঙ্গে দর্শনার্থীদের মারধরের ঘটনা ঘটে।

এ ঘটনায় পার্কের দুজন কর্মচারী আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি। তাঁদের স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এম. কে. এম. ইকবাল হোছাইন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘মুমিন নামে আমাদের একজন স্টাফকে হামলা চালিয়ে আহত করা হয়েছে। তাঁকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আমাদের স্টাফকে আহত করার পর বাসে থাকা ওই পর্যটকদের পার্ক অফিসে আনা হয় আলোচনা করার জন্য। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। এ ঘটনায় বন বিভাগের স্টাফ ফরহাদকে বরখাস্ত করা হয়েছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, সাফারি পার্কে দর্শনার্থী ও পার্কের কর্মীদের মধ্যে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দর্শনার্থীর পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। রাতে পার্ক কর্তৃপক্ষও একটি অভিযোগ দিয়েছে। তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: