হবিগঞ্জের নবীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একটি বিদ্যালয়ের দুই কর্মী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের দেবপাড়া ইউনিয়নের নলসুজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বীগঞ্জ উপজেলার ঘোলডুবা এম এ মান্নান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোহাম্মদ মাসুম পারভেজ এবং একই বিদ্যালয়ের দপ্তরি শামীম রেজা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৪টার দিকে মাসুম পারভেজ ও শামীম রেজা মোটরসাইকেলে করে নবীগঞ্জ উপজেলার পানিউমদা এলাকায় মাসুমের শ্বশুরবাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। তারা নলসুজা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নম্বরবিহীন পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মাসুম পারভেজের মৃত্যু হয়।
অন্যদিকে, গুরুতর আহত শামীম রেজাকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়।
নিহত মাসুম পারভেজ নেত্রকোনা জেলার আটপাড়া থানার কৈলং এলাকার মো. আজিজুর রহমানের ছেলে। শামীম রেজা নবীগঞ্জ উপজেলার বেতাপুর এলাকার ইছমত মিয়ার ছেলে।
দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ হাসপাতালে গিয়ে নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেওয়া হয়।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনিছুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, পিকআপ ভ্যান ও মোটরসাইকেলটি থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।