ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানের মাধ্যমে দেশে আনার সময় বিপুল পরিমাণ ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব ডিসপ্লের সিজার মূল্য প্রায় ৪৮ লাখ ৫১ হাজার টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সূত্রে জানা গেছে, হালুয়াঘাট উপজেলার বান্দরকাটা সীমান্ত এলাকায় চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে পাচারের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়। তবে অভিযানের সময় চোরাকারবারীরা পালিয়ে যায়।
বিজিবি জানিয়েছে, জব্দ করা মোবাইল ফোনের ডিসপ্লেগুলোর আনুমানিক সিজার মূল্য ৪৮ লাখ ৫১ হাজার টাকা।
ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এসব ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।
তিনি বলেন, ময়মনসিংহ জেলার আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষায় বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।
সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি আরও কঠোরভাবে দায়িত্ব পালন করবে বলেও জানান তিনি।