চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন কালভার্টে ধাক্কা লেগে দুই যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) ভোরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘি এলাকার জমির উদ্দীনের ছেলে আবু হায়াত (৩৫) এবং একই এলাকার সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোর ৫টার দিকে কাজ শেষে কানসাট থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন আবু হায়াত ও হাবিবুর রহমান। পথে মুসলিমপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে থাকা একটি নির্মাণাধীন কালভার্টে মোটরসাইকেলটি ধাক্কা দেয়।
এতে দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।