অস্বাভাবিক ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পল্লী বিদ্যুৎ সমিতি-১ কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন ক্ষুব্ধ গ্রাহকরা। অতিরিক্ত বিল বাতিল করে মিটার রিডিং যাচাইয়ের মাধ্যমে সঠিক বিল নির্ধারণের দাবি জানান তারা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উল্লাপাড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১ কার্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে বিভিন্ন এলাকার গ্রাহকরা এ বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, সাম্প্রতিক বিদ্যুৎ বিলে অনেক গ্রাহকের কাছে স্বাভাবিক ব্যবহারের তুলনায় অস্বাভাবিক পরিমাণ অর্থ দাবি করা হয়েছে। কারও কারও বিল আগের মাসগুলোর তুলনায় কয়েক গুণ বেড়ে যাওয়ায় তারা চরম ভোগান্তিতে পড়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কার্যালয়ে যোগাযোগ করেও দ্রুত সমাধান না পাওয়ার অভিযোগ করেন তারা।
গ্রাহকদের ভাষ্য, তারা নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছেন। কিন্তু হঠাৎ করে অতিরিক্ত বিল আসায় সীমিত আয়ের অনেক পরিবারের পক্ষে তা পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে। দ্রুত মিটার রিডিং ও বিলের হিসাব পুনরায় যাচাই করে অতিরিক্ত অর্থের বিল সংশোধনের দাবি জানান তারা।
এ বিষয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার (জিএম) নুরুল হুদা বলেন, কয়েকজন মিটার রিডার কিছু গ্রাহকের মিটার রিডিং বেশি লিপিবদ্ধ করেছিলেন। বিষয়টি শনাক্ত হওয়ার পর সংশ্লিষ্ট মিটার রিডারদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।